রিয়ানের সাহসী সিদ্ধান্তেই বাজিমাত, ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে গুজরাটকে হারিয়ে শীর্ষে রাজস্থান

0



আইপিএল ২০২৬-এ স্রোতের বিপরীতে হেঁটে নেওয়া এক সাহসী সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দিল। টসে জিতে ফিল্ডিং নয়, বরং ব্যাটিং বেছে নেন রিয়ান পরাগ- আর শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হয় ম্যাচজয়ী চাল হিসেবে। ৬ রানের রুদ্ধশ্বাস জয়ে রাজস্থান রয়্যালস লিগ টেবিলের শীর্ষে উঠে এল।
প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় রাজস্থানকে। ওপেনিং জুটিতে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী পাওয়ার প্লে-তেই ৭০ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন। বৈভব ৩১ রানে ফিরলেও জয়সওয়াল নিজের ইনিংস এগিয়ে নিয়ে গিয়ে ৫৫ রানের মূল্যবান ইনিংস খেলেন।


এরপর মঞ্চে আসেন ধ্রুব জুরেল। শুরুতে খানিক ধীরগতির পর সেট হয়ে ওঠার পর একের পর এক দৃষ্টিনন্দন শটে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন তিনি। জয়সওয়ালের সঙ্গে গুরুত্বপূর্ণ ৫৬ রানের জুটি গড়েন জুরেল। শেষ পর্যন্ত ৪২ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যার মধ্যে ছিল ৫টি চার ও ৫টি ছক্কা। তার ইনিংসের ওপর ভর করেই ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর তোলে রাজস্থান।
২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লড়াইয়ের ঝাঁঝ দেখায় গুজরাট। ওপেনিং জুটিতে সাই সুদর্শন ও কুমার কুশাগ্র ৮ ওভারে ৭৮ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত দেন। সুদর্শন দুরন্ত ব্যাটিং করে ৪৪ বলে ৭৩ রান করেন, যার মধ্যে ছিল ৯টি চার ও ৩টি ছক্কা।
তবে মিডল অর্ডারের ব্যর্থতায় ম্যাচের মোড় ঘুরে যায়। জস বাটলার কিছুটা লড়াই করলেও ২৬ রানের বেশি এগোতে পারেননি। গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানেরা প্রত্যাশা পূরণে ব্যর্থ হন।


শেষদিকে রশিদ খান (২৪) ও রাবাদা (২৩) ঝড় তুললেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২০৪ রানেই থেমে যায় গুজরাতের ইনিংস।
বল হাতে রাজস্থানের হয়ে বড় ভূমিকা নেন রবি বিষ্ণোই। তিনি ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন।
রুদ্ধশ্বাস এই জয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর রাজস্থান রয়্যালস, আর রিয়ানের সাহসী সিদ্ধান্ত হয়ে রইল ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed