স্নায়ুর রোগে হার মানলেন ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেতা মাইকেল প্যাট্রিক ,মাত্র ৩৫ -এই শেষ লড়াই
হলিউডে দুঃসংবাদ।জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ অভিনয়ের জন্য পরিচিত, আইরিশ লেখক ও অভিনেতা মাইকেল প্যাট্রিক প্রয়াত হয়েছেন।দীর্ঘদিন ধরে অভিনেতা একটি গুরুতর স্নায়বিক রোগের সঙ্গে লড়াই করছিলেন। নর্দান আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি।মঙ্গলবার মাত্র ৩৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।
সূত্রের খবর,আইরিশ লেখক ও অভিনেতা মাইকেল প্যাট্রিক ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি স্নায়বিক রোগে আক্রান্ত হন। এই রোগটি ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে,ফলে শ্বাস নেওয়া ,কথা বলা এবং চলাফেরার মতো দৈনন্দিন কাজগুলি ক্রমশ কঠিন হয়ে পড়ে। অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর স্ত্রী নাওমি শিহান। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি তাঁদের বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে লেখেন,”মঙ্গলবার রাতে মাইক নর্দান আয়ারল্যান্ডের একটি হাসপাতালে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।শেষ মুহূর্তে পরিবার ও বন্ধুদের ভালবাসায় ঘেরা ছিল সে।”
তিনি আরও জানান,”আমাদের কী অনুভূতি হচ্ছে,তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। মাইক শুধু অসুস্থতার জন্য নয়,বরাবরই সকলের কাছে অনুপ্রেরণা ছিল। তাঁর হাসি,জীবনকে উপভোগ করার ক্ষমতা সবকিছুই আমাদের মনে চিরকাল থেকে যাবে।”
মাইকেলের চিকিৎসা ছিল দীর্ঘ ও ব্যয়বহুল।২০২৫ সালের নভেম্বরে তাঁর বন্ধুরা উদ্যোগ নিয়ে তাঁর জন্য একটি ক্যাম্পেইন শুরু করেন। ‘গেম অফ থ্রোনস’-এর মাধ্যমে দর্শকের নজরে আসা মাইকেল প্যাট্রিক অন্যান্য টেলিভিশন প্রজেক্টেও নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন।তিনি ‘ব্লু লাইটস’ এবং ‘দিস টাইম’-এর মতো সিরিজে অভিনয় করেছিলেন।
মাইকেল প্যাট্রিক ছিলেন একজন অভিনেতা ,লেখক এবং স্নায়ু রোগ সম্পর্কে সচেতনতা তৈরির এক গুরুত্বপূর্ণ মুখ। টেলিভিশন ও থিয়েটার উভয় ক্ষেত্রেই তাঁর কাজের ছাপ প্রশংসনীয়। জীবনের শেষ পর্যন্ত তিনি নিজের অসুস্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এবং অন্যদের সচেতন করতে কাজ করে গিয়েছেন।
