জয়ের ধারা অব্যাহত, অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িনকে হারাল ইস্টবেঙ্গল
রুদ্ধশ্বাস লড়াইয়ে অবশেষে স্বস্তির জয় পেল ইস্টবেঙ্গল। চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে এগিয়ে গিয়েও সমতা ফেরায় চাপ বেড়েছিল লাল হলুদ শিবিরে। তবে ম্যাচের শেষ দিকে বিপিন সিং ও নন্দকুমারের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করল লাল হলুদ ব্রিগেড। যুবভারতীতে মহমেডানের পরে চেন্নাইয়ের মাঠে জয় স্বস্তি ফেরাল সমর্থকদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল ইস্টবেঙ্গল। মাত্র ৭ মিনিটেই সল ক্রেসপো বল কেড়ে নিয়ে এগিয়ে দেন এডমুন্ড লালরিন্ডিকাকে। তিনি দুরন্ত গতির শটে চেন্নাইয়িন গোলকিপার নাওয়াজকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন। যদিও সেই গোল নিয়ে চেন্নাইয়িন ফুটবলারদের আপত্তি থাকলেও রেফারি হরিশ কুন্ডু খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। গোল করার পর কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে ইস্টবেঙ্গল। তারই সুযোগ নেয় চেন্নাইয়িন। ২৮ মিনিটে রেনথলেইয়ের থ্রু বল ধরে ইরফান একক দক্ষতায় গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর পিভি বিষ্ণুর সামনে সহজ সুযোগ এলেও তিনি তা কাজে লাগাতে পারেননি। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধেও ম্যাচ ছিল সমানতালে। একাধিক আক্রমণ করেও গোল পাচ্ছিল না কোনও দলই। ইস্টবেঙ্গলের ইউসুফ এজ্জেজারির শটও রুখে দেয় চেন্নাইয়িনের ডিফেন্স। তবে ম্যাচের ৮২ মিনিটে আসে টার্নিং পয়েন্ট। ডানদিক থেকে পিভি বিষ্ণুর মাপা ক্রস হেড করে জালে জড়ান বিপিন সিং।এরপর ইনজুরি টাইমে মিগুয়েলের নিখুঁত পাস থেকে গোল করে ব্যবধান বাড়ান নন্দকুমার। নিজের শহরে গোল করে ম্যাচে সিলমোহর দেন তিনি। এই জয়ের ফলে লিগ টেবিলে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল ইস্টবেঙ্গল। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে উঠে এল ৫ নম্বরে। তবে ডিফেন্সের দুর্বলতা ও সুযোগ নষ্টের প্রবণতা নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে কোচ অস্কার ব্রুজোর শিবিরে।
