সোনার কেল্লার মুকুল থেকে ইডেনের মুকুল, স্বপ্ন আর ছক্কার খোঁজে নতুন নায়ক

0

সত্যজিৎ রায়ের ‘সোনার কেল্লা’র সেই ছোট্ট মুকুল-চোখে ছিল এক অদ্ভুত খোঁজ, এক অজানা টান। অতীতের স্মৃতি নয়, যেন এক স্বপ্নের ভিতরে বাস করত সে। ঠিক তেমনই আজকের ক্রিকেটের মুকুলও খুঁজছে-তবে সে খুঁজছে ছক্কা, রান আর জয়ের ঠিকানা। কলকাতার ইডেন গার্ডেন্স যেন এক রাতের জন্য হয়ে উঠেছিল তার ‘সোনার কেল্লা’। ২১ বছরের মুকুল চৌধুরী, আইপিএলের বিশাল মঞ্চে, নিজের নামটা লিখে দিলেন এক ঝলকে। ২৭ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস, ৭টি ছক্কা-আর শেষ বলে ঠান্ডা মাথায় জয় ছিনিয়ে নেওয়া-সব মিলিয়ে যেন এক সিনেমার চিত্রনাট্য।
ক্রিজে নামার পর প্রথম ১২ বলে মাত্র একটা বল খেলতে পেরেছিলেন। চারপাশে উইকেট পড়ছে, চাপ বাড়ছে-কিন্তু মুকুল যেন নিজের ছন্দে স্থির। যেন আগেই জানতেন, ‘একটা বলই যথেষ্ট।’ সেই বিশ্বাসেই পরের ৩০ বলে একাই ম্যাচ ঘুরিয়ে দিলেন তিনি। হেলিকপ্টার শট, লং অনের ওপর দিয়ে ছক্কা-সবেতেই ধরা পড়েছে মহেন্দ্র সিং ধোনির প্রভাব। ছোটবেলার সেই অনুশীলন, সেই অনুপ্রেরণা- ইডেনে বাস্তব। তবে এই সাফল্যের গল্পটা শুধু মাঠে তৈরি হয়নি। এর পেছনে আছে এক বাবার স্বপ্ন, এক পরিবারের ত্যাগ আর অসংখ্য না-পাওয়া দিনের ইতিহাস। ঝুনঝুনুর ছোট শহর থেকে জয়পুর, সেখান থেকে আইপিএল-এই যাত্রাপথে বাড়ি বিক্রি হয়েছে, জেল পর্যন্ত খাটতে হয়েছে বাবাকে। তবু থামেনি স্বপ্ন। মুকুল নিজেই বলেছেন, তাঁর যাত্রা শুরু হয়েছিল জন্মেরও আগে-যেদিন তাঁর বাবা ঠিক করেছিলেন, ছেলেকে ক্রিকেটার বানাবেন। সেই স্বপ্নই আজ রূপ নিচ্ছে বাস্তবে।
প্রথম শ্রেণিতে মাত্র ৪ ম্যাচ, লিস্ট ‘এ’ তে ৫, টি-টোয়েন্টিতে ১০-অভিজ্ঞতা কম, কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিধ্বংসী ব্যাটিংই তাঁকে এনে দেয় আইপিএলের টিকিট। আর সুযোগ পেয়ে তিনি দেখিয়ে দিলেন, কেন তাঁকে ভবিষ্যতের ফিনিশার বলা হচ্ছে।
সত্যজিতের মুকুল খুঁজে পেয়েছিল তার সোনার কেল্লা।
ক্রিকেটের মুকুল কি খুঁজে পাবে নিজের সেই সোনার সাম্রাজ্য?
সময়ের অপেক্ষা-তবে শুরুটা যেন একেবারেই সিনেমার মতো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *