ডি’ককের শতরান বৃথা! মুম্বইয়ের টানা হার, পাঞ্জাব অপরাজেয় থেকে আইপিএলের শীর্ষে
ক্যাপ্টেনের নাম শ্রেয়স আইয়ার। এই আইপিএলে একমাত্র তাঁর দলই অপরাজেয়। শ্রেয়সের পাঞ্জাবই রাজ করছে যেন আইপিএলে। যত ম্যাচ জিতছে ততই টোল পরা গালে হাসি চওড়া হচ্ছে প্রীতি জিন্টার।
ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে আবারও ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। কুইন্টন ডিককের বিস্ফোরক শতরানও রক্ষা করতে পারল না দলকে। আইপিএল ২০২৬-এ টানা ৪ হার মুম্বইয়ের। তাতেই তলানিতেই এসে ঠেকেছে তারকাখচিত দল মুম্বই।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি মুম্বইয়ের। তবে এক প্রান্ত আগলে রেখে দুরন্ত ইনিংস খেলেন ডিকক। মাত্র ৬০ বলে অপরাজিত ১১২ রান করে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন তিনি। নমন ধীরের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১২২ রানের জুটি গড়ে ওঠে। শেষদিকে হার্দিকের ঝোড়ো ক্যামিওয় ইনিংসে মুম্বই ২০ ওভারে ৬ উইকেটে ১৯৫ রানের বড় স্কোর তোলে।

কিন্তু রানের পাহাড় গড়েও বোলিংয়ে কার্যত ভেঙে পড়ে মুম্বই। বলা যেতে পারে ভেঙে দেয় পাঞ্জারের বিস্ফোরক ব্যাটিং। ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার প্রভসিমরন সিং ৩৯ বলে অপরাজিত ৮০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁকে দুর্দান্ত সঙ্গ দেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, ৩৫ বলে ৬৬ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি। তৃতীয় উইকেটে মাত্র ৬৭ বলে ১৩৯ রানের বিধ্বংসী জুটি গড়ে পাঞ্জাবকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন দু’জন।
মুম্বইয়ের হয়ে আল্লা গজনফর ২টি উইকেট নিলেও অন্য বোলাররা কোনও চাপ তৈরি করতে পারেননি। ফলে ২১ বল বাকি থাকতেই মাত্র ৩ উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় পাঞ্জাব কিংস।
এই জয়ে পাঁচ ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল পাঞ্জাব। অন্যদিকে, টানা চার ম্যাচে হার মুম্বইয়ের জন্য বড় সতর্কবার্তা।
