বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং, ফোরামের শর্তসাপেক্ষে শুরু হবে কাজ?

0



২৯ মার্চ রবিবার শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের। তারপর থেকেই প্রশ্ন ওঠে ‘ম্যাজিক মোমেন্টস প্রযোজনা’ সংস্থার বিরুদ্ধে।প্রযোজনা সংস্থার পক্ষ থেকে সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই প্রশ্ন তোলেন ইন্ডাস্ট্রির সিংহভাগ তারকা।গোটা ঘটনার জেরে উক্ত প্রযোজনা সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করেন প্রয়াত অভিনেতাপত্নী প্রিয়াঙ্কা সরকার এবং আর্টিস্ট ফোরামের সদস্যরা।এত কিছুর পরেও চুপ ছিলেন সেই প্রযোজনা সংস্থা।’কেন রাহুলকে অকালে চলে যেতে হল ?’এর উত্তর পায়নি রাহুলের ১১ বছরের সন্তান ‘সহজ’ এবং তাঁর স্ত্রী।এই প্রেক্ষিতেই আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের যৌথ উদ্যোগে ঘোষণা হয় “ম্যাজিক মোমেন্টস সংস্থার সঙ্গে আর কোনও কাজ নয়।”এই সিদ্ধান্তের জেরে কিছুদিন বন্ধ ছিল উক্ত প্রযোজনা সংস্থার আওতায় থাকা ধারাবাহিকগুলির শুটিং।যার মধ্যে ছিল ধারাবাহিক ‘কনে দেখা আলো।’ যে ধারাবাহিক প্রযোজনার দায়িত্বে লীনা-পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়।  তবে শেষমেশ আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে খুলল জট। বন্ধ হচ্ছে না ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং।



শোনা গিয়েছিল,এই ধারাবাহিক জি বাংলার নিজস্ব প্রযোজনায় সম্প্রচার করতে পারে এবং চিত্রনাট্য লেখার পরিকল্পনাও নেওয়া হয়েছিল জি বাংলার নিজস্ব প্রযোজনা থেকে।অবশেষে আর্টিস্স্ট ফোরামের তরফ থেকে জানা গেল সত্য। বৃহস্পতিবার আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন,”প্রিয় সদস্য বন্ধু,রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় এর অকাল প্রয়াণে পরবর্তীকালে যে পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ করেছিলাম,সে সম্পর্কে আপনারা সকলেই অবগত।কনে দেখা আলোর প্রযোজনাটির সম্পর্কে সম্প্রতি আমরা জি বাংলা চ্যানেলের সঙ্গে সরাসরি আলোচনা করি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলা যায়। ওঁরা আমাদের শর্তাবলী মেনে নিয়েই প্রযোজনাটি চালিয়ে যাওয়ার পক্ষেই ওঁদের মতামত জানিয়েছন এবং ৭ দিনের মধ্যে ফোরাম প্রদত্ত শর্তাবলীর সপক্ষে সমস্ত প্রমাণ সহ উপযুক্ত নথি পাঠানোর সম্মতি দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে উক্ত প্রযোজনাটিতে (কনে দেখা আলো) আমাদের সংগঠনের শিল্পীদের কাজ করার ক্ষেত্রে কোনও অসুবিধে রইল না।”

আর্টিস্ট ফোরাম জানায়, প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায় অন্যায়ের সঙ্গে কখনও আপোস করেনি,বরং প্রতিবাদ করেছে।ইন্ডাস্ট্রিতে সুষ্ঠ ভাবে কাজ করাই অভিনেতার ইচ্ছা ছিল। ফোরামের মতে,পরিস্থিতির চাপে তাঁদের কর্মবিরতিতে যেতে হয়েছে।তাঁরা জানিয়েছেন,”অযথা কাজের ক্ষেত্রে অসহযোগিতা করা আমাদের নীতি বিরূদ্ধ ,মত বিরুদ্ধ।কথাটি দৃঢ়তার সঙ্গে বলতে আমাদের কোনও বাধা নেই।”

উল্লেখ্য, ৭ এপ্রিল আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের একটি বৈঠকের মাধ্যমে তাঁরা জানান,লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দোপাধ্যায়ের নাম যেসকল প্রযোজনার সঙ্গে যুক্ত আছে থাকবে সেই ধারাবাহিকে কোনও শিল্পী ও কলাকুশলীরা অংশগ্রহণ করতে পারবে না। সেই পরিস্থিতিতে কাজ চলে যাওয়া বহু শিল্পী সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ প্রকাশ করেছিলেন।সেই সূত্রেই বন্ধ ছিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং।তবে শেষমেশ জট খুলল,যা এই ধারাবাহিকের অনুরাগীদের জন্য আনন্দের খবর হতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *