গ্রাসরুটে নজর, প্রতিভা গড়ার রূপরেখা ! জেলা ও কলকাতা ফুটবলে নতুন সেতুবন্ধনের ইঙ্গিত জর্জ টেলিগ্রাফের

0



বাংলা ফুটবলে নতুন দিশা দেখাতে বড় পদক্ষেপ। পূর্ব মেদিনীপুরের তমলুক খেলাঘরের সঙ্গে এক বছরের চুক্তিতে আবদ্ধ হল জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। রবিবার আনুষ্ঠানিকভাবে এই সমঝোতা স্বাক্ষরিত হয়। লক্ষ্য একটাই, গ্রাসরুট স্তর থেকে প্রতিভাবান ফুটবলার তুলে এনে তাদের আধুনিক প্রশিক্ষণে গড়ে তোলা এবং কলকাতার বড় মঞ্চে সুযোগ করে দেওয়া। এই উদ্যোগের নেপথ্যে অন্যতম প্রধান মুখ সুব্রত দত্ত। তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই জেলা ও শহরের ফুটবলের মধ্যে সেতুবন্ধন তৈরির রূপরেখা স্পষ্ট হয়েছে। দুই পক্ষই মনে করছে, এই চুক্তি ভবিষ্যতে প্রতিভা বিকাশের নতুন দিগন্ত খুলে দেবে। তমলুক খেলাঘরের সভাপতি সুব্রত জানা, সহ-সভাপতি মানস দে ও সম্পাদক গোপাল সামন্ত জানান, দীর্ঘদিন ধরে তারা ফুটবল অ্যাকাডেমি চালিয়ে আসছেন। এবার আবাসিক প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে উঠতি ফুটবলারদের নিয়মিত পরিচর্যার ব্যবস্থা করা হবে। জর্জ টেলিগ্রাফের অন্যতম ও আইএফএ’র সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘জেলা ও কলকাতার ক্লাব একসঙ্গে কাজ করলে নতুন খেলোয়াড়দের সামনে বড় সুযোগ তৈরি হবে’। সচিব ও আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তের মতে, ‘এই উদ্যোগ আমাদের ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে’। ক্লাবের কার্যকরী সচিব অনিন্দ্য দত্ত জানান, ‘ভবিষ্যতে আরও একাধিক পরিকল্পনা বাস্তবায়নের পথে রয়েছে’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বজিৎ সরকার ও প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায়। উল্লেখ্য, তমলুক কাপ এরমধ্যেই জেলার জনপ্রিয় টুর্নামেন্ট। এবার সেই মাটি থেকেই উঠে আসতে পারে আগামী দিনের তারকা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *