ভোটে ‘ড্রাই ডে’! নির্বাচন কমিশনের নির্দেশে বন্ধ মদের দোকান, মনখারাপ সুরাপ্রেমীদের

0

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে ভোটের আগে ‘ড্রাই ডে’ কার্যকর করার নির্দেশ জারি হয়েছে। ফলে নির্দিষ্ট সময়ের জন্য মদের দোকান, বার, রেস্তোরাঁ থেকে শুরু করে ক্লাব, সব জায়গাতেই মদ বিক্রি ও পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আর এই ঘোষণাতেই মনখারাপ সুরাপ্রেমীদের একাংশের। কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট-এর ১৩৫সি ধারার অধীনে ভোটগ্রহণ শেষ হওয়ার নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা আগে থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। অর্থাৎ, ভোটের আগের দু’দিন এবং ভোটের দিন সন্ধে ৬টা পর্যন্ত কোনওভাবেই মদ বিক্রি বা সরবরাহ করা যাবে না। এই নিয়ম প্রযোজ্য থাকবে হোটেল, রেস্তোরাঁ, লাইসেন্সপ্রাপ্ত বার, স্টার হোটেল কিংবা ক্লাব সব জায়গাতেই।
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। সেই অনুযায়ী প্রতিটি পর্যায়ের আগে সংশ্লিষ্ট জেলাগুলিতে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম সহ একাধিক জেলায় ইতিমধ্যেই মদের দোকান বন্ধ রাখার নির্দেশ কার্যকর হয়েছে। শুধু ভোটের দিনই নয়, গণনার দিন ৪ মে’তেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে স্পষ্ট জানিয়েছে কমিশন। ওই দিনও কোনও মদের দোকান, হোটেল বা ক্লাবে মদ বিক্রি বা পরিবেশন করা যাবে না।
এছাড়াও, আবগারি দফতরের পক্ষ থেকে মদের ডিপো বন্ধ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে দোকানগুলি নতুন করে মদ মজুত করতে না পারে। ব্যক্তিগতভাবে বেআইনি মজুতের উপরও কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে এক্সাইজ আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। সব মিলিয়ে ভোটের আবহে প্রশাসনের এই কড়াকড়ি যেমন আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ, তেমনই কয়েক দিনের জন্য ‘ড্রাই ডে’-র ধাক্কায় খানিকটা ম্লান সুরাপ্রেমীদের মুখ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *