২৩ দিন পর খোঁজ মিলল পরিচালক উৎসবের, এতদিন ধরে কোথায় আছেন তিনি?
২৪ দিনের মাথায় অবশেষে খোঁজ মিলল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। দীর্ঘ ২৩ দিন পর হদিশ মিললেও এখনও তাঁর ঠিকানা অজানা। পরিচালকের খোঁজের খবর মিলতেই আডিশনের পক্ষ থেকে যোগযোগ করা হয়েছিল পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
তিনি জানান রবিবার সকালেই তাঁর কাছে খবর আসে পুলিশের তরফ থেকে। পুলিশের তরফে জানা গিয়েছে একজন বন্ধুর বাড়ি গিয়ে পৌঁছেছেন উৎসব। কিন্তু কোন জায়গা সে সম্পর্কে কিছু খোলসা করে বলেননি উৎসবের স্ত্রী।
মৌপিয়া বলেন, ‘পুলিশ এবং যেই বন্ধুর বাড়ি উৎসব গিয়েছে দু’জনেই আমায় খবর দিয়েছেন। আমি টিকিট কাটার চেষ্টা করছি।’
পরিচালকের স্ত্রী জানান, তিনি নিজে উৎসবকে কলকাতা আনতে যত দ্রুত সম্ভব রওনা দিচ্ছেন। যেতে অনেকটা সময় লাগবে বলে জানান মৌপিয়া।
তিনি জানান, ‘এই মুহূর্তে আমি অনেক কথাই শুনছি তবে সঠিক কিছু জানি না বলে কোনও মন্তব্য করব না। উৎসবকে জিজ্ঞেস করব তার পরেই সবটা জানবো, আমি এখনও কথা বলিতে পারিনি ওর সঙ্গে।’
এই মুহূর্তে আর কিছু জানাতে রাজি নন উৎসব পত্নী। তিনি বলেন, ‘উৎসব কে নিয়ে কলকাতা ফিরে সবাইকে সবটা জানবো। সাংবাদিক সম্মেলন করব। জানি সবার মনে অনেক প্রশ্ন আছে। তবে এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না।’
এত ঝড় ঝাপটা কাটিয়ে কেমন আছেন মৌপিয়া? জবাবে পরিচালকের স্ত্রী হেসে জবাব দেব, ‘ওই যেরকম থাকা যায়। ঠিক থাকার চেষ্টা করছি।’
২ এপ্রিল হঠাৎই ব্যাঙ্কে যাওয়ার পর থেকেই নিরুদ্দেশ হয় যান পরিচালক উৎসব। স্ত্রী মৌপিয়া, আনন্দপুর থানায় দায়ের করেন মামলা। এতদিন ধরে তদন্ত চলার পরে অবশেষে খোঁজ মিলল উৎসব মুখোপাধ্যায়ের।
