ব্রুজোর বিদায় বার্তায় জ্বলে উঠল লাল হলুদ! পিছিয়ে পড়েও মুম্বই জয় করে শীর্ষে ইস্টবেঙ্গল
কোচ অস্কার ব্রুজোর বিদায়ের খবর যেন আলাদা আগুন জ্বেলে দিল ইস্টবেঙ্গল শিবিরে। তাতে ভালই হল। কঠিন অ্যাওয়ে ম্যাচে মুম্বই সিটি এফসিকে ২-১ গোলে হারিয়ে শুধু তিন পয়েন্টই নয়, লিগ টেবিলের শীর্ষস্থানও দখল করল লালহলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের এই জয়ে লিগ টেবিলে পিছিয়ে পড়ল মোহনবাগান।
ম্যাচের শুরুটা অবশ্য মোটেই স্বস্তির ছিল না। ঘরের মাঠে মুম্বই শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তার ফলও মেলে দ্রুত। ম্যাচের ৮ মিনিটেই ব্রেন্ডনের গোলে এগিয়ে যায় মুম্বই। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও ব্যবধান বাড়াতে পারেনি তারা, আর সেই ব্যর্থতাই শেষ পর্যন্ত বড় ফারাক গড়ে দেয়। প্রথমার্ধে পিছিয়ে থাকা ইস্টবেঙ্গল যেন বিরতির পর বদলে যায় সম্পূর্ণ। কোচ ব্রুজোর কৌশলী বদলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই একাধিক পরিবর্তন এনে আক্রমণের ধার বাড়ান তিনি। মাঠে নেমেই প্রভাব ফেলেন মিগুয়েল।

তাঁর দৌলতেই আসে ম্যাচে ফেরার সুযোগ। ৫৬ মিনিটে বক্সের মধ্যে ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন মিগুয়েল। স্পট কিক থেকে নির্ভুল শটে সমতা ফেরান ইউসেফ এজেজারি। এরপর ম্যাচের রাশ ধীরে ধীরে নিজেদের দখলে নেয় ইস্টবেঙ্গল। জয়ের গোল আসে ৭০ মিনিটের পর। নন্দকুমার শেখরের শট প্রতিহত হলেও শেষ পর্যন্ত তা জড়িয়ে যায় জালে। কিছুটা ভাগ্যের সহায়তা থাকলেও লড়াইয়ের পুরস্কার পেয়ে যায় লালহলুদ। শেষ দিকে চাপ বাড়ানোর চেষ্টা করেছিল মুম্বই, কিন্তু ইস্টবেঙ্গলের রক্ষণ আর গোলকিপারের দৃঢ়তায় আর গোল শোধ করা সম্ভব হয়নি।

এই জয়ের ফলে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ইস্টবেঙ্গল। ৬টি জয়, ৩টি ড্র এবং মাত্র ১টি হার, এই ধারাবাহিক পারফরম্যান্সে খেতাবের দৌড়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করল তারা।অস্কার ব্রুজোর বিদায়বেলায় দলের এই লড়াকু মানসিকতা নতুন আশার আলো দেখাচ্ছে সমর্থকদের। বিদায়ের আগে কোচকে ট্রফি উপহার দিতে মরিয়া ইস্টবেঙ্গল, মুম্বই জয়ে সেই ইঙ্গিত আরও স্পষ্ট হল।
