স্ত্রী দেবিশার কোলে নতুন অতিথি! বাবা হয়েই কী লিখলেন সূর্যকুমার?

0


আইপিএলের ব্যস্ততার মাঝেই জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত উপভোগ করছেন সূর্যকুমার যাদব। ভারতীয় টি২০ দলের অধিনায়ক তথা মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার বৃহস্পতিবার কন্যাসন্তানের বাবা হয়েছেন। স্ত্রী দেবিশা শেট্টি জন্ম দিয়েছেন ফুটফুটে কন্যাসন্তানের। বৃহস্পতিবার সকাল থেকেই খবর ছড়িয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ খেলতে মুম্বই ইন্ডিয়ান্স দলের সঙ্গে রায়পুরে যাননি সূর্যকুমার। প্রথমে তা নিয়ে জল্পনা তৈরি হলেও সন্ধেতেই নিজের সমাজমাধ্যমের পোস্টে সুখবর জানান ভারতীয় তারকা। সদ্যোজাতের ছোট্ট হাতের ছবি পোস্ট করে সূর্য লেখেন, ‘অনেক স্বপ্ন, কৃতজ্ঞতা ও আনন্দ নিয়ে আমাদের কন্যাসন্তানকে স্বাগত জানালাম’।এরপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছে যাদব পরিবার। ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে অনুরাগীরা সকলেই অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ব্যাটারকে।
কলেজ জীবন থেকেই সূর্যকুমার ও দেবিশার সম্পর্কের শুরু। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম আলাপ হয়েছিল তাঁদের। পরে প্রেম এবং ২০১৬ সালে বিয়ে। সূর্যের ক্রিকেটজীবনের ওঠাপড়ার সময়ে সবসময় পাশে থেকেছেন দেবিশা। একাধিক সাক্ষাৎকারে স্ত্রীকে নিজের সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেছেন ভারতীয় তারকা। চলতি বছর মার্চ মাসেই হয়েছিল দেবিশার ‘বেবি শাওয়ার’। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল নতুন সদস্য আসতে চলেছে যাদব পরিবারে। অবশেষে সেই অপেক্ষার অবসান হল বৃহস্পতিবার। ২০২৬ সাল এমনিতেই সূর্যকুমারের জীবনে বিশেষ হয়ে রয়েছে। তাঁর নেতৃত্বেই এ বছর টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। আহমেদাবাদে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারতীয় দল। আর এবার ব্যক্তিগত জীবনেও এল নতুন আনন্দ।
তবে মাঠের পারফরম্যান্সে এ বার এখনও নিজের সেরা ছন্দে দেখা যায়নি সূর্যকে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অবস্থাও ভালো নয়। ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার একেবারে নীচের দিকে রয়েছে তারা। তবু মাঠের হতাশার মাঝেও পরিবারের নতুন সদস্যের আগমনে এখন খুশির আবহ সূর্যকুমারের জীবনে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed