‘মুখে নয়, মাঠে কথা হবে’, ঘরের মাঠে বাজিমাত করতে চান লোবেরা

0



আইএসএলের খেতাব দৌড়ে রবিবারের কলকাতা ডার্বিই কার্যত ফাইনাল। ১১ ম্যাচে দুই দলেরই সমান ২২ পয়েন্ট। তবে গোলপার্থক্যে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। ফলে ড্র হলেও সুবিধে লাল হলুদের। তাই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকতে মোহনবাগানকে জিততেই হবে। আর সেই চাপের মধ্যেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সবুজ মেরুন কোচ সের্জিও লোবেরা।
শনিবার সাংবাদিক বৈঠকে লোবেরা স্পষ্ট জানিয়ে দিলেন, কথার লড়াই নয়, এবার মাঠেই জবাব দিতে চান তিনি। তাঁর কথায়, ‘আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আমরা দেখাতে চাই, এই দল ট্রফি জিততে পারে। তবে মুখে নয়, মাঠে কথা বলার সময় এসেছে।’ শেষ দুই ম্যাচে জয় না পাওয়ায় কিছুটা চাপ যে রয়েছে, তা অস্বীকার করেননি লোবেরা। এফসি গোয়ার বিরুদ্ধে হার এবং ইন্টার কাশীর বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর সমর্থকদের একাংশের ক্ষোভও সামনে এসেছে। তবে ডার্বিকে ঘিরে তাঁর বার্তা পরিষ্কার, এই ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চায় মোহনবাগান।
সবুজ মেরুন কোচ বলেন, ‘ডার্বি সবসময়ই আলাদা অনুপ্রেরণা দেয়। কিন্তু এ বার খেতাবের অঙ্কও জড়িয়ে রয়েছে। তাই এটা কার্যত ফাইনাল। এই ম্যাচ খেলার মতো অভিজ্ঞ ও দক্ষ ফুটবলার আমার দলে রয়েছে।’
ইস্টবেঙ্গলকে যথেষ্ট সমীহও করেছেন লোবেরা। তাঁর মতে, গত কয়েক মরশুমের মধ্যে এ বারই সবচেয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে লাল হলুদ। তবে সেই সঙ্গে টানা তিনবার আইএসএল ট্রফি জিতে ইতিহাস গড়ার লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ‘প্রথম ক্লাব হিসেবে টানা তিনবার ট্রফি জিততে চাই। সমর্থকদের এটা প্রাপ্য’, বলেন বাগান কোচ। মোহনবাগানের ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজও ডার্বির গুরুত্ব বুঝিয়ে দেন। তাঁর বক্তব্য, ‘ডার্বি জিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। তবে রবিবার সম্পূর্ণ আলাদা ম্যাচ। আগে কী হয়েছে, তা নিয়ে ভাবছি না।’ চাপ, সমীকরণ আর চিরপ্রতিদ্বন্দ্বিতার আবহে তাই রবিবারের ডার্বি শুধু মর্যাদার লড়াই নয়, আইএসএলের ভাগ্য নির্ধারণের মঞ্চও হতে চলেছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *