শেষ জীতু-শিরিনের ‘চিরদিনই তুমি যে আমার’, মনখারাপের মাঝে কী পোস্ট নায়কের?
অনেকদিন ধরেই চলছিল জল্পনা।টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল শেষ হতে চলেছে জীতু কমল ,শিরিন পাল অভিনীত ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।তবে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি ধারাবাহিকের প্রযোজক সংস্থা থেকে। শোনা যাচ্ছিল,মে মাসের শেষের দিকে ধারাবাহিকের শেষ শুটিং হবে। তবে কবে শেষ হচ্ছে ধারাবাহিকের শুটিং? জল্পনারই অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন অভিনেতা জীতু কমল।
শনিবার নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে জীতু বলেন,”চিরদিনই তুমি যে আমার-এর শেষ কল ,আপনাদের অফুরন্ত ভালবাসা ও স্নেহের জন্য আন্তরিক ধন্যবাদ।” অর্থাৎ ১৭ তারিখেই শেষ হল ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং। তিনি বলেন,”চিরদিনই তুমি যে আমার-এর সঙ্গে যুক্ত সকল শিল্পীদের উদ্দেশ্যে বলছি ,যদি কোনও অভিযোগ থেকে থাকে,অনুগ্রহ করে এখনই সামনে আসুন এবং তা জানান।বহুদিন পরে কোনও গোপন উদ্দেশ্য নিয়ে অভিযোগ তোলার জন্য অপেক্ষা করবেন না। আমি নিজেও এক জন শিল্পী হিসেবে এই বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক বলে মনে করি। দীর্ঘ অভিজ্ঞতা ও অসংখ্য স্মৃতি নিয়ে আগামীকাল এই প্রজেক্টের সমাপ্তি ঘটছে।” তবে এই ধরনের মন্তব্য করার কোনও স্পষ্ট কারণ তিনি জানায়নি।
উল্লেখ্য,জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই ‘তুমি যে আমার’ টানা এক বছরের বেশি সময় ধরে দর্শকের মন জিতে এসেছে। শুরুতে ধারাবাহিকের মুখ্য জুটি ছিলেন দিতিপ্রিয়া রায় ও জীতু কমল। তবে কিছুদিনের মধ্যেই সহ-অভিনেতার সঙ্গে কাজ করতে গিয়ে সমস্যার মুখে পড়ার ইঙ্গিত দেন দিতিপ্রিয়া। যদিও পরে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ধারাবাহিক থেকে সরে দাঁড়ান অভিনেত্রী।ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় পায়েল দে-কেও। রাহুলের মৃত্যুর সময় জীতু কমলের কিছু আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন পায়েল। পাল্টা নিজের অবস্থানও স্পষ্ট করেন জীতু।একের পর এক বিতর্কের মাঝেও ধারাবাহিকটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। বরং সমাজমাধ্যমে বহু অনুরাগী এখনও চাইছেন, যেন এত তাড়াতাড়ি শেষ না হয় তাঁদের প্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’।
