নেইমারকে নিয়েই ব্রাজিলের বিশ্বকাপ দল! নাম লেখালেন পেলের পাশে
অবশেষে সব জল্পনার অবসান। নেইমারকে নিয়েই ২০২৬ ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল ব্রাজিল। দীর্ঘ চোট, অস্ত্রোপচার ও ফিটনেস সমস্যার পর আবার জাতীয় দলে ফিরলেন সেলেকাওদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’-তে কোচ কার্লো আন্সেলোত্তি যখন তাঁর নাম ঘোষণা করেন, তখন উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত সমর্থকেরা।
২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার। উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হাঁটুর গুরুতর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। পরে সৌদি আরবের ক্লাব অধ্যায় শেষ করে শৈশবের ক্লাব সান্তোস এফসিতে ফিরে ধীরে ধীরে ছন্দে ফেরেন এই তারকা ফরোয়ার্ড। সেই পারফরম্যান্সই শেষ পর্যন্ত তাঁকে জায়গা করে দিল বিশ্বকাপের চূড়ান্ত দলে।
৩৪ বছর বয়সী নেইমারের এটা হতে যাচ্ছে চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে খেলেছেন তিনি। ব্রাজিলের হয়ে ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি পেলের মতো কিংবদন্তিদের তালিকাতেও জায়গা করে নিলেন।

আন্সেলোত্তি অবশ্য স্পষ্ট জানিয়েছেন, নাম নয়, পারফরম্যান্সই ঠিক করবে প্রথম একাদশ। তাঁর কথায়, অনুশীলনে নিজেদের প্রমাণ করেই মাঠে নামতে হবে সকলকে, নেইমারও তার ব্যতিক্রম নন। বিশ্বকাপে ব্রাজিল খেলবে গ্রুপ ‘সি’-তে। তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন মরক্কোর বিরুদ্ধে ম্যাচ দিয়েই ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

একনজরে ব্রাজিলের দল
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ফেনারবাচে), ওয়েভারতন (গ্রেমিও)। ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), দগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল (আর্সেনাল), রজার ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনিওস (পিএসজি), ওয়েসলি (রোমা)। মিডফিল্ডার: ব্রুনো গিমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), দানিলো (বোতাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)। ফরোয়ার্ড: এনদ্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইস এনরিকে (জেনিত), মাথেউস কুনিয়া (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), নেইমার (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।
