প্রয়াত দিয়েগো জটার স্মৃতিকে সঙ্গী করেই ষষ্ঠ বিশ্বকাপে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
অবশেষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের দল ঘোষণা করল পর্তুগাল। আর সেই দলেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সেও দেশের আক্রমণভাগের প্রধান ভরসা তিনি। মার্কিন মুলুকে হতে চলা বিশ্বকাপই হতে চলেছে রোনাল্ডোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ, যা ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক। কোচ রবার্তো মার্তিনেজ ২৭ সদস্যের দল ঘোষণা করলেও, এই স্কোয়াডকে তিনি বলেছেন ‘২৭+১’। সেই অতিরিক্ত সদস্য আর কেউ নন, প্রয়াত দিয়েগো জটা। গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রাক্তন পর্তুগিজ ফুটবলারের স্মৃতিকে নিয়েই বিশ্বকাপ খেলতে নামবে দল। দল ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে মার্তিনেজ বলেন, ‘জটার বিশ্বকাপ জয়ের স্বপ্নটাই এখন আমাদের প্রেরণা। সে সবসময় আমাদের সঙ্গে থাকবে।’ পর্তুগালের স্কোয়াডে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মেলবন্ধন স্পষ্ট। রোনাল্ডোর পাশাপাশি আছেন ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, ভিতিনিয়া, রুবেন দিয়াস, রাফায়েল লেয়াও ও গঞ্জালো রামোসের মতো তারকারা। ভিতিনিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ‘রোনাল্ডোর সঙ্গে এবং তার জন্যই বিশ্বকাপ জিততে চাই আমরা।’
গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। আগামী ১৭ জুন কঙ্গোর বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে রোনাল্ডোর দল। তার আগে চিলি ও নাইজেরিয়ার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল।

পর্তুগালের বিশ্বকাপ দল
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলহো
রক্ষণভাগ: দিয়োগো দালোদ, মাথিয়াস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউহো
মাঝমাঠ: রুবেন নেভেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফের্নান্দেস, বের্নার্দো সিলভা, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসিকাও, স্যামুয়েল কস্তা
আক্রমণভাগ: পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গঞ্জালো গেদেস, গঞ্জালো রামোস, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
