সাংসদে পা না রেখেই ইস্তফা কোয়েলের!তবে কি বিজেপির পথে অভিনেত্রী ?
ভারতীয় রাজনীতিতে নজিরবিহীন ঘটনা।তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য থেকে ইস্তফা দিলেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক।শপথ নেওয়ার পর একদিনও অধিবেশনে যোগ না দিয়েই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে নজির গড়লেন অভিনেত্রী।চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন তিনি।দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান বলেই রাজনীতিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।কিন্তু নির্বাচনী পর্ব শেষ হওয়ার পর থেকেই রাজনৈতিকভাবে কার্যত নীরব হয়ে যান অভিনেত্রী।
সূত্রের খবর,জুন মাসে ইমেলের মাধ্যমে রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন কোয়েল।কিন্তু সাংসদের নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ইমেলের মাধ্যমে পদত্যাগ গ্রহণ করা যায় না।সদস্যকে চেয়ারম্যানের সঙ্গে সরাসরি দেখা করে নিজের স্বেচ্ছায় পদত্যাগের বিষয়টি জানাতে হয়।কিন্তু সেই সময় ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন অভিনেত্রী।তবে দেশে ফিরেই বুধবার রাজ্যসভার চেয়ারম্যান চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন কোয়েল মল্লিক।এই যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নিসপাল সিং।তবে এদিন ঘটে আরও একটি ঘটনা।কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর বৈঠক।যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে রাজনৈতিক মহলে।
উল্লেখ্য,কোয়েলের পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে হয়েছে ৮।গত কয়েক মাসে দলের একাধিক সাংসদ পদত্যাগ করায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।তবে রাজনৈতিক মহলের একাংশের মতে,অতীতে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ,প্রকাশ চিক বরাইকও সহ বহু তৃণমূল নেতা ইস্তফা দেওয়ার পর বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং পরে তাঁরা গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন।তবে কি কোয়েলও সেই পথেই হাঁটছেন?যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত টু শব্দ করেননি অভিনেত্রী।
