‘আমাদের একটু বাঁচতে দিন…’ পাঁচ মাসের সংসার ভাঙার গুঞ্জনের জেরে চোখে জল রণজয়ের
মাত্র পাঁচ মাস আগে ভালোবেসে শুরু হয়েছিল নতুন জীবন। কিন্তু সেই সংসারকে ঘিরে টলিপাড়ায় একের পর এক গুঞ্জন, বিচ্ছেদের জল্পনা, এমনকি সহ-অভিনেত্রীকে জড়িয়ে নানা রকম কটাক্ষ- সব মিলিয়ে শেষ পর্যন্ত নীরবতা ভাঙতেই হল রণজয় বিষ্ণুকে। সামাজিক মাধ্যমে প্রকাশ করা এক আবেগঘন ভিডিও বার্তায় কার্যত হাতজোড় করে সকলের কাছে আবেদন জানালেন অভিনেতা, ‘দয়া করে আমাকে বাঁচতে দিন। আমাকে একটু নিশ্বাস নিতে দিন’।
গত কয়েক দিন ধরে রণজয় ও শ্যামৌপ্তির দাম্পত্য নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। কখনও সংসারে অশান্তির দাবি, কখনও আর্থিক বিষয় নিয়ে মতবিরোধ, আবার কখনও রণজয়ের সঙ্গে তাঁর এক সহ-অভিনেত্রীর সম্পর্ক কিংবা শ্যামৌপ্তির ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনা। এই সব খবর দ্রুত ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরাও। সেই পরিস্থিতিতেই নিজের অবস্থান স্পষ্ট করতে ক্যামেরার সামনে আসেন অভিনেতা। ভিডিও বার্তায় রণজয়ের বক্তব্য, তিনি এবং শ্যামৌপ্তি নিজেদের ইচ্ছাতেই ভালোবেসে বিয়ে করেছিলেন। তাঁদের সম্পর্কে যদি কোনও সমস্যাও থেকে থাকে, তা তাঁরা নিজেরাই সমাধান করবেন। কোনও সিদ্ধান্ত নিলে সেটাও দু’জনে মিলেই জানাবেন। কিন্তু কোনও প্রমাণ ছাড়া তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রতিদিনের কাটাছেঁড়া ও কাদা ছোড়াছুড়ি তাঁকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে।
অভিনেতার কথায়, ‘আমি মানসিকভাবে খুব বিপর্যস্ত। একজন মহিলাকে নিয়ে কিছু বলার আগে আমাদের একটু ভাবা উচিত। কোনও প্রমাণ ছাড়া এত বড় বড় কথা বলা ঠিক নয়’। তিনি জানান, শুধু তিনি নন, এই সমস্ত গুঞ্জনের প্রভাব পড়ছে পরিবারের বয়স্ক সদস্যদের উপরও। একই সঙ্গে সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনও উড়িয়ে দেন রণজয়। তাঁর কথায়, ধারাবাহিকের প্রচারের জন্য সহ-অভিনেত্রীদের সঙ্গে ছবি বা ভিডিও পোস্ট করা হয়। সেটাকেই অন্যভাবে ব্যাখ্যা করা হচ্ছে। স্পষ্ট ভাষায় তিনি বলেন, ‘আমি যদি সত্যিই প্রেম করতাম, তাহলে লুকিয়েই করতাম। রোজ ছবি পোস্ট করতাম না।’ ভিডিওর শেষে আবারও আবেগঘন আবেদন জানিয়ে রণজয় বলেন, ‘আমরা একসঙ্গে অনেক ভালো সময় কাটিয়েছি। আমাদের মধ্যে যা-ই হোক, সেটা আমাদের বুঝে নিতে দিন। আমাদের সম্পর্ক ভাঙবে কি না, সেই সিদ্ধান্তও আমাদেরই। দয়া করে আমাদের একা ছেড়ে দিন’।
রণজয়ের এই ভিডিও থেকে স্পষ্ট, দাম্পত্য নিয়ে জল্পনার আবহে তিনি এবং শ্যামৌপ্তি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে বিচ্ছেদের খবর এখনও কেউই নিশ্চিত করেননি। তাই বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও অনুরাগীদের একাংশ এখনও আশা করছেন, সমস্ত ভুল বোঝাবুঝি কাটিয়ে আবারও একসঙ্গে পথ চলবেন রণজয় ও শ্যামৌপ্তি।
