নিউজরুম ছেড়ে টার্ফে সাংবাদিকরা! জমে উঠল মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবল

0



সারা বছর খবরের খোঁজে ছুটে বেড়ানো, মাঠে-ময়দানে দৌড়ঝাঁপ কিংবা ডেস্কে বসে সংবাদ সাজানোর ব্যস্ততা,সবকিছুকে কয়েক ঘণ্টার জন্য সরিয়ে রেখে এ দিন ফুটবলার হয়ে উঠলেন সাংবাদিকরাই। হাতে মাইক বা কলম নয়, পায়ে ফুটবল। আর সেই লড়াই, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতাতেই জমে উঠল মার্লিন-সিএসজেসি মিডিয়া ফুটবল টুর্নামেন্টের প্রথম দিন।


রাজারহাটের মার্লিন রাইজের বিশ্বমানের জোড়া টার্ফে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। প্রিন্ট ও ইলেকট্রনিক- দুই বিভাগের মিলিয়ে ১৭টি দলের অংশগ্রহণে প্রতিটি ম্যাচেই দেখা গেল জেতার প্রবল ইচ্ছা। কোথাও দুরন্ত গোল, কোথাও শেষ মুহূর্তের নাটক, আবার কোথাও ম্যাচ গড়াল টাইব্রেকারে। প্রতিযোগিতার আবহে এক মুহূর্তের জন্যও কমেনি উত্তেজনার পারদ। প্রিন্ট মিডিয়া বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে এই সময়, সিএসজেসি, সংবাদ প্রতিদিন এবং জাগো বাংলা। অন্যদিকে, ইলেকট্রনিক মিডিয়া বিভাগে সবচেয়ে নাটকীয় ম্যাচে টাইব্রেকারে আনন্দবাজার ডট কম-কে হারিয়ে শেষ চারে উঠেছে রেভ স্পোর্টস। আরেকটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে স্পিরিট অফ ময়দান-কে পরাস্ত করে সেমিফাইনালের টিকিট কেটেছে ইউটিউব বুলেটস। শুক্রবার টিভি নাইন-সহ বাকি ইলেকট্রনিক মিডিয়ার দলগুলির ম্যাচ ঘিরেও আগ্রহ তুঙ্গে।


মাঠে উপস্থিত থেকে সাংবাদিক-ফুটবলারদের উৎসাহ জোগান প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস ও সন্দীপ নন্দী। তাঁদের উপস্থিতি খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা দেয়। মার্লিন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকেত মেহতা বলেন, বিশ্বমানের টার্ফে সাংবাদিকদের এমন প্রাণবন্ত ফুটবল দেখে তাঁরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও ক্রীড়া সাংবাদিক ক্লাবের সঙ্গে এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই তিনি আশাবাদী। সিএসজেসির সভাপতি অর্চিস্মন ভাদুড়ি জানান, মার্লিনের সহযোগিতায় এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতা নয়, সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বেরও একটি বড় মঞ্চ হয়ে উঠেছে। মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলেও সম্পর্কের উষ্ণতা অটুট থাকাই এই আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *