১৬.৬১ কোটি টাকার ঋণ শোধ হয়নি! রাজপাল যাদবের সম্পত্তিতে নিলামের ঘণ্টা!
আর্থিক সমস্যায় ফের বড়সড় ধাক্কা অভিনেতা রাজপাল যাদবের। ১৬.৬১ কোটির ঋণ পরিশোধ করতে না পারায় এ বার নিলামে উঠতে চলেছে তাঁর শাহজাহানপুরের দুটি সম্পত্তি। আগামী ৯ সেপ্টেম্বর অনলাইনে নিলামে তোলা হবে সেগুলি। ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সূত্রের খবর, মুম্বইয়ের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে রাজপাল যাদবের সম্পত্তি নিলামের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শাহজাহানপুরের দুটি সম্পত্তির মধ্যে একটি শহর এলাকায়, অন্যটি একটি গ্রামে অবস্থিত। ব্যাঙ্কের দাবি, রাজপালের কাছে মোট ১৬ কোটি ৬১ লক্ষ ৬৪ হাজার টাকা বকেয়া রয়েছে। অন্যদিকে, নিলামে উঠতে চলা দুটি সম্পত্তির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ১৯ লক্ষ টাকা। প্রসঙ্গত, ২০১২ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপতা’-র জন্যই ঋণ নিয়েছিলেন তিনি। কিন্তু নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ না হওয়ায় বন্ধক রাখা সম্পত্তিগুলির দখল নেয় ব্যাঙ্ক। এরপরই শুরু হয় নিলামের প্রক্রিয়া।
ব্যাঙ্কের নথি অনুযায়ী, শাহজাহানপুরে রাজপালের সম্পত্তির মধ্যে রয়েছে কৃষিজমি, গ্রামের একটি বাড়ি এবং শহরের একটি সম্পত্তি। এর মধ্যে দুটি সম্পত্তি আগামী ৯ সেপ্টেম্বর অনলাইনে নিলামে তোলা হবে। খবর, শুধু রাজপালই নন, ঋণের ক্ষেত্রে তাঁর স্ত্রী রাধা যাদব এবং মা গোদাবরী যাদবের সম্পত্তিও গ্যারান্টি হিসেবে বন্ধক রাখা হয়েছিল। শাহজাহানপুরের পাশাপাশি মুম্বইয়ে রাজপালের আরও কয়েকটি সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়াও চালাচ্ছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর মধ্যেই অভিনেতার বিরুদ্ধে চলা চেক বাউন্স মামলাও এখনও নিষ্পত্তি হয়নি।
