এসআইআরে ভোটার তালিকা থেকে নাম উধাও! অভিনেতা প্রকাশ রাজের প্রশ্ন, ‘মজার রসিকতা?’
ভয় শুধু সাধারণ মানুষদেরনয়, বিখ্যাতদেরও আছে! পর্দায় তাঁর অভিনয় যেমন নজর কাড়ে, তেমনই তাঁর স্পষ্ট বক্তব্যও মাঝেমধ্যে তৈরি করে জোর চর্চা। এবার নিজের ভোটাধিকার নিয়েই প্রশ্ন তুলে ফের আলোচনায় দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। কর্নাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন তাঁর নাম তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ করেছেন অভিনেতা। শুধু অভিযোগ করেই থামেননি, গোটা ঘটনাকে ‘মজার রসিকতা’ বলেও কটাক্ষ করেছেন তিনি।
মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন প্রকাশ। সেখানে তিনি জানান, কর্নাটকে ভোটার তালিকা সংশোধনের সময় যে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে তিনিও একজন। অথচ যে কেন্দ্রের ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যাওয়ার কথা বলা হচ্ছে, সেই বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ক বহু বছরের। এই এলাকাতেই তাঁর জন্ম, পড়াশোনা এবং কাজ। এমনকী সাত বছর আগে এই কেন্দ্র থেকেই লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন প্রকাশ রাজ। তাঁর দাবি, সেই সময়ও ভোটার তালিকায় তাঁর নাম ছিল। ফলে প্রশ্ন তুলেছেন অভিনেতা, এতদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও কীভাবে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ গেল? প্রকাশের কথায়, বিষয়টি বেশ ‘মজার’। তবে তাঁর বক্তব্যে শুধু বিস্ময় বা ক্ষোভ নয়, রয়েছে তীব্র ব্যঙ্গও। তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে ফের ভোটার তালিকায় নাম তোলার জন্য যাবতীয় নথিপত্র জমা দিতে তিনি প্রস্তুত। ভোটার পরিচয়পত্র ফিরে পেতে তাঁকে ঠিক কী কী প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাও তিনি দেখবেন বলে জানিয়েছেন।
তবে প্রকাশ রাজের বক্তব্যের সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি এসেছে এর পরেই। তাঁর প্রশ্ন, ক্ষমতায় থাকা ব্যক্তিরা যদি কোনও নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন, তাহলে সেই ক্ষমতাবানদের ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে আটকানো কি সম্ভব? অভিনেতা প্রকাশ রাজের এই প্রশ্নের মধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে তাঁর রাজনৈতিক অবস্থানের আর একটি দিক। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব তিনি। এবার সেই তালিকায় যুক্ত হল নিজের ভোটাধিকার নিয়ে প্রশ্নও। আর এসআইআর ঘিরে কর্নাটকে যখন রাজনৈতিক চাপানউতোর চলছে, তখন প্রকাশ রাজের অভিযোগ নতুন করে সেই বিতর্কেই ইন্ধন জোগাল।
