প্রাক্তন শ্বশুর রজনীকান্তের জন্য বড় সিদ্ধান্ত ধনুষের, ‘ওম’ নিয়ে বিশেষ ঘোষণা অভিনেতার
বক্স অফিসের লড়াই এড়িয়ে বড় সিদ্ধান্ত ধনুষের।৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একসঙ্গে জোড়া স্বীকৃতি পেয়েছেন অভিনেতা।এই সাফল্যের পর এ বার তাঁর আসন্ন ছবিকে নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন ধনুষ। চলতি বছরে ১৫ অক্টোবরেই মুক্তি পাচ্ছে প্রাক্তন শ্বশুর রজনীকান্তের ছবি জেলারের দ্বিতীয় অংশ।তবে তারপরের দিনই মুক্তি পাওয়ার কথা ধনুষের বহু প্রতীক্ষিত ছবি ‘ওম: চ্যাপ্টার ওয়ান’। পুজোর সময় একই সপ্তাহে দক্ষিণী ছবির দুই বড় তারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু প্রাক্তন শ্বশুরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানিয়েই নিজের ছবি ‘ওম’-এর মুক্তি পিছিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার ধনুষ।
ধনুষ একটি বিবৃতি প্রকাশ করে বলেন,”এমন পরিস্থিতিতে কোনও ছবির মুক্তি পিছিয়ে দেওয়া একেবারেই সহজ নয়। কিন্তু রজনীকান্ত স্যরের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই আমরা ওম-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি জানান, বছরের পর বছর রজনীকান্তকে তাঁরা শ্রদ্ধা ও ভালবাসা দিয়ে এসেছেন। তাই তাঁর ছবির ঠিক পরের দিন নিজের ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।শুধু রজনীকান্তের সঙ্গেই সংঘাত এড়ানো নয়, দীপাবলির সময়ও প্রেক্ষাগৃহে আসছে না ‘ওম’। ওই সময় সূরিয়ার নতুন ছবি ‘সিনে’ মুক্তির কথা রয়েছে। ফলে উৎসবের মরসুমে একাধিক বড় ছবির ভিড় এড়িয়ে আপাতত নতুন মুক্তির তারিখের অপেক্ষায় ধনুষের ছবি। পরবর্তীতে ছবি মুক্তির তারিখ নিয়ে এখনও কিছু জানায়নি অভিনেতা।
প্রসঙ্গত,রাজকুমার পেরিয়াসামি পরিচালিত ‘ওম’-এ ধনুষের সঙ্গে দেখা যাবে মামুট্টি, সাই পল্লবী, শ্রীলীলা, নাসিরুদ্দিন শাহ এবং ইন্দ্রান্সকে। এদিকে ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘ক্যাপ্টেন মিলার’-এর জন্য বিশেষ উল্লেখ এবং ‘রায়ান’-এর জন্য সেরা তামিল ফিচার ছবির পুরস্কার পেয়েছে অভিনেতা।
উল্লেখ্য,২০০৪ সালের ১৮ নভেম্বর পরিচালক রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ধনুষ। প্রায় ১৮ বছর একসঙ্গে সংসার করার পর ২০২২ সালের জানুয়ারিতে যৌথ বিবৃতিতে বিচ্ছেদের কথা জানান দুজনে।তবে আলাদা হওয়ার পরও প্রাক্তন শ্বশুরের প্রতি তাঁর এই সম্মান নজর কেড়েছে অনুরাগীদের।
