পুজোর আগেই ফুটবলের সুখবর ! ১০ অক্টোবর থেকে আইএসএল, ফিরছে হোম-অ্যাওয়ে ফরম্যাট
পুজোর ঢাক বাজার আগেই ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। অবশেষে আইএসএলের নতুন মরশুমের দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের ২০২৬-২৭ মরশুম। চলবে ২০২৭ সালের মে পর্যন্ত। গত মরশুমে সংক্ষিপ্ত সিঙ্গল-লেগ লিগের পর এবার ফিরছে পুরনো হোম-অ্যাওয়ে ফরম্যাট। ফলে দেশের বিভিন্ন প্রান্তে ফের ঘরের মাঠে প্রিয় দলকে দেখার সুযোগ পাবেন সমর্থকেরা।
এবারের মরশুমে মোট ১৬৩টি ম্যাচ হওয়ার কথা। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল জিতবে লিগ শিল্ড। পাশাপাশি ফিরছে প্লে-অফের লড়াইও। লিগের সেরা ছয়টি দল আইএসএল কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তবে সরকারি ভাবে চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পাবে লিগ শিল্ডজয়ী দলই। সেই দলের সামনে এএফসি প্রতিযোগিতায় খেলার সুযোগও থাকবে। এ বারের আইএসএলের আরও একটা বড় আকর্ষণ আয়োজনের নতুন কাঠামো। এফএসডিএল সরে যাওয়ার পর নতুন কোনও সংস্থা মাস্টার রাইটস এগ্রিমেন্টে না আসায় ফেডারেশন ও অংশগ্রহণকারী ক্লাবগুলি যৌথভাবে লিগ পরিচালনার দায়িত্ব নিয়েছে। ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে এমন মডেল আগে দেখা যায়নি। ফলে লিগের ভবিষ্যৎ পরিকল্পনা, প্রতিযোগিতার ক্যালেন্ডার এবং ভারতীয় ফুটবলের উন্নয়নে ক্লাবগুলির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের প্রতিভাবান ফুটবলারদের তুলে আনার দিকেও বাড়তি নজর থাকবে।
এ বার আইএসএলে অংশ নেবে ১৩টি দল-বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িন এফসি, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল এফসি, এফসি গোয়া, ইন্টার কাশী, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান সুপার জায়ান্ট, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ওড়িশা এফসি, পঞ্জাব এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।
তবে এ বার আইএসএলে দেখা যাবে না ডায়মন্ড হারবার এফসিকে। গত মরশুমে আইএফএল চ্যাম্পিয়ন হয়ে দেশের সর্বোচ্চ লিগে খেলার যোগ্যতা অর্জন করলেও নির্ধারিত ফি-সংক্রান্ত শর্ত পূরণ করতে পারেনি বাংলার ক্লাবটি। ফলে তাদের বাদ দিয়েই হচ্ছে ১৩ দলের লিগ। নিয়ম অনুযায়ী ডায়মন্ড হারবারকে পয়েন্ট তালিকার একেবারে নীচে রাখা হবে এবং আগামী মরশুমে তাদের আইএসএলে খেলার সুযোগ থাকবে না।
অন্যদিকে, জামশেদপুর এফসি সরে যাওয়ায় তাদের লাইসেন্স নিয়ে আইএসএলে খেলতে চলেছে চার্চিল ব্রাদার্স। সব মিলিয়ে নতুন মডেল, পুরনো ফর্ম্যাট এবং পুজোর ঠিক আগে শুরু-আইএসএলের ২০২৬-২৭ মরশুম ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়ে গেল বাড়তি উত্তেজনা।ছবি সৌজন্যে ইন্ডিয়ান সুপার লিগ ফেসবুক (Photo courtesy: Indian Super League facebook)
