প্রথমার্ধে জমাট লড়াই! শেষ পর্যন্ত রাশিয়ার গতির কাছে নতিস্বীকার ভারতের মেয়েদের
কলকাতায় মেয়েদের প্রথম বার আন্তর্জাতিক ম্যাচ। তার উপর প্রতিপক্ষ ফিফা ক্রমতালিকায় ২৭ নম্বরে থাকা রাশিয়া। ব্যবধানটা শুরু থেকেই পরিষ্কার ছিল। তবু কিশোরভারতী ক্রীড়াঙ্গনে প্রথমার্ধে দারুণ লড়াই করেছিল ভারত। প্রায় ৪০ মিনিট পর্যন্ত রুশ আক্রমণের সামনে জমাট ছিল রক্ষণ। কিন্তু বিরতির ঠিক আগে গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আর সেই প্রতিরোধ ধরে রাখা গেল না। প্রবল বৃষ্টির মধ্যে শেষ পর্যন্ত ০-৪ গোলে হারল ক্রিস্পিন ছেত্রীর দল।
শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ছিল রাশিয়ার হাতে। ভারতের লক্ষ্য ছিল রক্ষণ জমাট রেখে প্রতিপক্ষকে আটকে দেওয়া এবং সুযোগ পেলেই দ্রুত প্রতি-আক্রমণে যাওয়া। সেই পরিকল্পনা প্রথমার্ধের বেশির ভাগ সময় কার্যকরও হয়। রুশ ফরোয়ার্ডদের একের পর এক আক্রমণ সামলাতে বড় ভূমিকা নেন গোলরক্ষক মোনালিসা দেবী। একাধিকবার গোলের নিশ্চিত সুযোগ থেকে দলকে বাঁচান তিনি। অন্য প্রান্তে মালবিকার একটি প্রতি-আক্রমণ থেকেও গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান গড়া যায়নি। প্রথম ৩০ মিনিট পেরিয়ে যাওয়ার পরও রাশিয়াকে গোলশূন্য আটকে রাখায় ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়ছিল। কিন্তু ৪১ মিনিটে সেই প্রতিরোধ ভেঙে যায়। গোল করেন ইয়ানা শেইনা। ১-০ এগিয়ে গেলেও প্রথমার্ধের বাকি সময়ে আর গোল করতে পারেনি রাশিয়া।

বিরতির পর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। বৃষ্টির তীব্রতা বাড়ায় মাঠ হয়ে পড়ে ভারী এবং পিচ্ছিল। রাশিয়ার দ্রুত পাস ও গতির সঙ্গে তাল রাখতে গিয়ে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে ভারতীয় ফুটবলাররা। সেই সুযোগেই ব্যবধান বাড়ায় অতিথিরা। ৫৯ মিনিটে বক্সের মধ্যে ঠান্ডা মাথায় ফিনিশ করে ২-০ করেন কিরা পেতুখোভা। পাঁচ মিনিট পরই ফের গোল। ভারতীয় রক্ষণে ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করে রাশিয়াকে ৩-০ এগিয়ে দেন কিরা। ৮২ মিনিটে পরিবর্ত হিসেবে নামা ইয়ানা স্বিস্তুনোভা ভারতের রক্ষণ ভেঙে চতুর্থ গোলটি করেন।
এর আগে ২০২১ সালে ০-৮ এবং ২০২৫ সালে ০-২ গোলে হেরেছিল ভারত। ফলে রাশিয়ার বিরুদ্ধে পরাজয়ের ধারাই বজায় রইল। তবে কলকাতায় প্রথম ম্যাচে অন্তত প্রথমার্ধের লড়াই থেকে আত্মবিশ্বাস নিতে পারে ভারত। আগামী ১১ অক্টোবর এই কিশোরভারতীতেই দ্বিতীয় ফ্রেন্ডলিতে ফের মুখোমুখি হবে দুই দল। ছবি সৌজন্যে এআইএফএফ (Photo courtesy: AIFF)

