নক্ষত্রপতন! ক্রিকেট হারাল সর্বকালের সেরা অলরাউন্ডারকে, প্রয়াত স্যার গ্যারি সোবার্স
ক্রিকেটের এক স্বর্ণযুগের অবসান। থেমে গেল এক মহাকাব্যিক ইনিংস। ৮৯ বছর বয়সে প্রয়াত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স। তাঁর মৃত্যুতে শুধু ক্যারিবিয়ান ক্রিকেট নয়, শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। এমন একজন ক্রিকেটারের বিদায়, যাঁকে অনেকেই সর্বকালের সেরা অলরাউন্ডারই নয়, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার বলে মনে করেন। মাত্র ১৭ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট অভিষেক। শুরুটা হয়েছিল বোলার হিসেবে, কিন্তু খুব দ্রুতই তিনি হয়ে ওঠেন ক্রিকেটের সবচেয়ে পূর্ণাঙ্গ খেলোয়াড়। ব্যাট হাতে পাহাড়প্রমাণ রান, বল হাতে প্রতিপক্ষের ব্যাটিং ধসিয়ে দেওয়া, আবার ফিল্ডিংয়েও অনবদ্য, ক্রিকেটের প্রতিটি বিভাগেই ছিল তাঁর সমান দাপট। ৯৩টি টেস্টে ৫৭.৭৮ গড়ে ৮,০৩২ রান এবং ২৩৫ উইকেট আজও তাঁর অসামান্য সামর্থ্যের সাক্ষী।

১৯৫৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ছিল। আবার ১৯৬৮ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়ে গড়েছিলেন ইতিহাস। বাঁহাতি পেস, অর্থোডক্স স্পিন, রিস্ট স্পিন-সব ধরনের বোলিংয়ে দক্ষতা তাঁকে করে তুলেছিল অনন্য। ক্রিকেটে তাঁর অবদান এতটাই অসামান্য যে আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের সর্বোচ্চ সম্মানের নামই রাখা হয়েছে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ শোকবার্তায় লিখেছে, ‘একটি মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি হলো। আমাদের হৃদয়ে আপনি চিরকাল বেঁচে থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’ স্যার গ্যারি সোবার্স আর নেই। কিন্তু তাঁর ব্যাটের সৌন্দর্য, বলের বৈচিত্র্য, মাঠে লড়াই করার অদম্য মানসিকতা এবং ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার গল্প চিরকাল বেঁচে থাকবে ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। তাঁর বিদায়ে শেষ হলো একটি যুগ, কিন্তু কিংবদন্তিরা কখনও হারিয়ে যান না- তাঁরা ইতিহাস হয়ে বেঁচে থাকেন।

