দেবাশিস-সৃঞ্জয় একসঙ্গে বারপুজোয় সেরার লক্ষ্যেই অঙ্গীকার, হবে এ বার ক্রিকেট অ্যাকাডেমি

0

নববর্ষের পুণ্যলগ্নে নস্ট্যালজিক আবহ আর আবেগে ভরপুর ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে মোহনবাগান তাঁবুতে পালিত হল ঐতিহ্যবাহী বারপুজো। সবুজ মেরুন রঙে সেজে উঠেছিল গোটা ক্লাব প্রাঙ্গণ জার্সি, হাতপাখা আর স্মৃতির আবেশে যেন ফিরে দেখা শতাব্দীপ্রাচীন ঐতিহ্য।

ময়দানের রীতি মেনে সকাল সাড়ে ন’টায় পুজোয় বসেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু, অধিনায়ক শুভাশিস বসু এবং ফুটবলার মনবীর সিং। উপস্থিত ছিলেন প্রাক্তন তারকারাও প্রসূন ব্যানার্জি, আলোক মুখার্জি, বিশ্বজিৎ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়-সহ একাধিক পরিচিত মুখ।

যদিও অন্যান্য বছরের তুলনায় সমর্থকদের ভিড় কিছুটা কম ছিল। কিন্তু আবেগে ভাটা পড়েনি। সবচেয়ে আকর্ষণ ছিল, দীর্ঘদিনের দূরত্ব কাটিয়ে দুই শীর্ষকর্তা দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসুর একসঙ্গে পুজোয় বসা। নতুন বছরে ক্লাবকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার শোনা যায় তাঁদের গলায়।

বারপুজোর পর সাংবাদিক বৈঠকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন কর্তারা। আইএসএল জয়ের লক্ষ্য তো আছেই, পাশাপাশি পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন খেলায় সাফল্য অর্জনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। হকি অ্যাকাডেমির পর এবার ক্রিকেট অ্যাকাডেমির কাজ দ্রুত শুরু করার ঘোষণা করা হয়। এছাড়াও ক্লাবে পিকলবল কোর্ট তৈরির পরিকল্পনার কথাও জানান সভাপতি ও সচিব। নতুন বছরে নতুন স্পনসরের সঙ্গেও পাঁচ বছরের চুক্তি করেছে মোহনবাগান, ক্রিকেট, হকি ও অ্যাথলেটিক্স বিভাগে যার প্রভাব পড়বে বলে আশা। এদিন নতুন জার্সিও উন্মোচন করা হয়। সব মিলিয়ে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে, আবেগ আর অঙ্গীকারে মোড়া এবারের বারপুজো শুধু স্মৃতিচারণ নয়-বরং ভবিষ্যতের রূপরেখা তৈরির মঞ্চ হয়ে উঠল মোহনবাগানে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *