বন্ধু বিনোদ কাম্বলির কঠিন সময়ে উদ্বিগ্ন শচীন তেন্ডুলকরও! কী করলেন ‘মাস্টার ব্লাস্টার’?
ক্রিকেটের মাঠে একসময় পাশাপাশি লড়েছেন, স্বপ্ন বুনেছেন। তৈরি হয়েছে পার্টনারশিপ। কিন্তু কালের নিয়মে অনেক জল বয়ে গেছে বাণিজ্য নগরীর আরব সাগরে। তা’বলে বন্ধুত্ব হারায়নি। আজ জীবনের কঠিন সময়ে সেই বন্ধুত্বই আবার নতুন করে ধরা দিল। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলির অসুস্থতার খবরে নীরবে পাশে দাঁড়ালেন শচীন তেন্ডুলকর। প্রমাণ করলেন, সময় বদলালেও সত্যিকারের বন্ধুত্ব কখনও ম্লান হয় না। বিপদেই তো বোঝা যায় আসল বন্ধু!
বিনোদ কাম্বলি অসুস্থ। শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, যার ফলে ভবিষ্যতে ব্রেন স্ট্রোকের আশঙ্কা তৈরি হয়েছে। স্মৃতিশক্তিও ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বন্ধুর চিকিৎসা ও আর্থিক সাহায্যের হাত বাড়াতে প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হয়েছে। সেই গ্রুপে যোগ দিয়েছেন শচীনও। যদিও কারা কারা রয়েছেন, তা প্রকাশ্যে আসেনি, তবে ‘মাস্টার ব্লাস্টার’এর উপস্থিতিই এই উদ্যোগকে অন্য মাত্রা দিয়েছে। এর আগেও একাধিকবার নিঃশব্দে বন্ধুর পাশে দাঁড়িয়েছেন তিনি। এবারও কোনও প্রচারের আলো ছাড়াই সেই একই মানবিকতার পরিচয় দিলেন। ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটোর জানান, অনেক কিছুই ভুলে যাচ্ছেন কাম্বলি, যদিও কিছু বিষয় পরে মনে করতে পারছেন। চিকিৎসকদের মতে, অতীতের কিছু অভ্যাস এখনও তাঁর শারীরিক অবস্থাকে জটিল করে তুলছে। মদ্যপান ছাড়লেও ধূমপানের অভ্যাস পুরোপুরি ত্যাগ করতে পারেননি তিনি। এর ফলে মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রভাব পড়ছে।
একসময় ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ব্যাটার হিসেবে পরিচিত ছিলেন কাম্বলি। দেশের হয়ে ১৭টি টেস্টে ১০৮৪ রান এবং ১০৪টি একদিনের ম্যাচে ২৪৭৭ রান করেছেন তিনি। টেস্টে চারটি শতরান এবং প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে প্রায় ১০ হাজার রান। কিন্তু আজ সেই উজ্জ্বল কেরিয়ারের আড়ালে এক কঠিন লড়াই। আর সেই লড়াইয়ে পুরনো বন্ধু শচীনের নিঃশব্দ উপস্থিতি যেন নতুন করে মনে করিয়ে দেয়, ক্রিকেট শুধু খেলা নয়, সম্পর্কেরও নাম।
