উদ্বোধনের আগেই লভলিনার ঝুলিতে পদক, তবে ডোপ কাণ্ডে বড় ধাক্কা ভারতের!

0



স্কটল্যান্ডের গ্লাসগোয় ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার মধ্যরাতে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতে চলেছে ২০২৬ কমনওয়েলথ গেমস। ওভিও হাইড্রো এরিনায় ১১ দিনের এই ক্রীড়াযজ্ঞে অংশ নিচ্ছেন ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায় ৩,০০০ ক্রীড়াবিদ। উদ্বোধনের আগেই ভারতীয় শিবিরে একদিকে যেমন এসেছে সুখবর, তেমনই এসেছে বড় ধাক্কাও। ফলে এবারের গেমসে ভারতের অভিযান শুরু হচ্ছে আশা ও হতাশার মিশ্র আবহে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন টোকিও অলিম্পিকের রুপোজয়ী ভারোত্তোলক মীরাবাই চানু। তাঁর সঙ্গে আনুষ্ঠানিক ব্যাটন বহন করবেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বরগোহাঁই। গত কয়েকটি কমনওয়েলথ গেমসে ভারতের সাফল্য নজর কেড়েছে। এবারও ভালো ফলের আশায় রয়েছে গোটা দেশ।


এরই মধ্যে ভারতের পদক তালিকাও খুলে গিয়েছে, যদিও কোনও ভারতীয় ক্রীড়াবিদ এখনও প্রতিযোগিতায় নামেননি। মহিলাদের ৭৫ কেজি বক্সিং বিভাগে প্রতিযোগীর সংখ্যা মাত্র পাঁচ হওয়ায় ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে উঠে গিয়েছেন লভলিনা। কমনওয়েলথ গেমসের বক্সিং নিয়ম অনুযায়ী, সেমিফাইনালে পৌঁছলেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত। কারণ এখানে তৃতীয় স্থান নির্ধারণের আলাদা কোনও ম্যাচ হয় না, শেষ চারে হেরে যাওয়া দুই বক্সারই ব্রোঞ্জ পান। ফলে রিংয়ে না নেমেই ভারতের প্রথম পদক নিশ্চিত করে ফেলেছেন অসমের এই তারকা বক্সার। তবে লভলিনার লক্ষ্য শুধু ব্রোঞ্জ নয়। আগামী ৩১ জুলাই সেমিফাইনালে টুভালুর তাফাকির বিরুদ্ধে নামবেন তিনি। সেই ম্যাচ জিততে পারলে রুপো নিশ্চিত হবে, আর ফাইনালে জয় পেলে গলায় উঠবে সোনার পদক। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল তাঁকে। তাই এবার নিজের প্রথম কমনওয়েলথ পদককে সোনায় রাঙানোর লক্ষ্য নিয়েই রিংয়ে নামবেন অলিম্পিক পদকজয়ী এই বক্সার।
তবে উদ্বোধনের আগেই ভারতীয় শিবিরে নেমে এসেছে হতাশার ছায়া। পুরুষদের ৭৩ কেজি জুডো বিভাগে অংশ নেওয়ার কথা ছিল অরুণ কুমারের। কিন্তু প্রতিযোগিতা শুরুর আগে ডোপ পরীক্ষায় তাঁর শরীরে অ্যাডভার্স অ্যানালিটিক্যাল ফাইন্ডিং  ধরা পড়ে। এরপর ভারতের ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি নাডা, তাঁকে নোটিস পাঠায় এবং কমনওয়েলথ গেমসের স্পোর্টস এন্ট্রি সিস্টেম থেকে তাঁর নাম সরিয়ে দেওয়া হয়। জুডো ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি মুকেশ কুমার জানিয়েছেন, এত অল্প সময়ে অরুণের পরিবর্তে অন্য কোনও প্রতিযোগীকে দলে নেওয়া সম্ভব নয়। ফলে জুডোতে ভারতের একটি সম্ভাবনা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *