৭ গোলের পরও আক্ষেপ লাল হলুদে! ৮ বছর পর লিগ জয়ের উৎসব মোহনবাগানের
একদিকে সাত গোলের ঝড়, অন্যদিকে দশজনের লড়াই। একই সময়ে দুই মাঠে চলল কলকাতা লিগের শেষ অঙ্ক। ইস্টবেঙ্গল কোল ইন্ডিয়াকে ৭-০ গোলে উড়িয়ে দিলেও শেষ হাসি হাসল মোহনবাগান। বারাসত স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিংকে ৩-২ গোলে হারিয়ে আট বছর পর কলকাতা লিগের মুকুট ফিরে পেল সবুজ-মেরুন।
চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ সহজ করতে শুরু থেকেই মহমেডানের বিরুদ্ধে আক্রমণে ঝাঁপিয়েছিল মোহনবাগান। ২৬ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন সাহাল আবদুল সামাদ। কিন্তু ৪২ মিনিটে লালরেমসাঙ্গার গোলে সমতা ফেরায় মহামেডান। ১-১ স্কোরলাইনেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে নাটকের শুরু। ৫৯ মিনিটে বক্সের মধ্যে লালরেমসাঙ্গাকে ফেলে দেওয়ায় লাল কার্ড দেখেন মোহনবাগান গোলরক্ষক দীপ্রভাত। পেনাল্টি থেকে ৬৩ মিনিটে মহিতোষ রায় গোল করতেই ২-১ পিছিয়ে পড়ে দশজনের বাগান। তখন ট্রফির স্বপ্নও যেন টলমল।
কিন্তু হার মানেনি সবুজ-মেরুন। ৭০ মিনিটে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান সাহাল। তিন মিনিট পরেই পাল্টে যায় ম্যাচের ছবি। সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোলে ৩-২ এগিয়ে যায় মোহনবাগান। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই ম্যাচ ও লিগ, দু’টোই নিজেদের করে নেয় তারা।

অন্যদিকে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে শুরু থেকেই গোলের বন্যা বইয়ে দেয় ইস্টবেঙ্গল। মহম্মদ বিলাল ও বিজয় মুর্মুর গোলে প্রথমার্ধেই ২-০ এগিয়ে যায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে আকাশ হেমব্রমের হ্যাটট্রিক, বিজয় মুর্মুর আরও এক গোল, তন্ময় দাসের পেনাল্টি এবং উত্তম হাঁসদার গোলে ৭-০ জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। কিন্তু সাত গোলের সেই দাপটও ট্রফি এনে দিতে পারল না। মোহনবাগানের জয়ের ফলে পাঁচ পয়েন্ট নিয়ে রানার্স হয়েই লিগ শেষ করল লাল-হলুদ। সাত পয়েন্ট নিয়ে আট বছর পর কলকাতা লিগের চ্যাম্পিয়ন মোহনবাগান। এক ম্যাচে সাত গোল, অন্য ম্যাচে দশজনের প্রত্যাবর্তন- শেষ দিনে কলকাতা লিগ যেন ফুটবলের দুই রকম গল্পই লিখে রাখল।ছবি সৌজন্যে আইএফএ (Photo courtesy: IFA)

