ক্রিকেটের দাদা নাকি বিগ বসের ‘বস’? মঞ্চে ভাজ্জির প্রশ্নে কী বললেন সৌরভ!

0



একজনের পরিচয় ক্রিকেটের ‘মহারাজ’, অন্যজনের ডাকনাম ‘ভাজ্জি’। মাঠে তাঁদের জুটি বহু ম্যাচের স্মৃতি তৈরি করেছে। কিন্তু এ বার সেই জুটি দেখা গেল একেবারে অন্য মঞ্চে। ‘বিগ বস বাংলা’র মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে হরভজন সিং-আর সেখানেই এল এমন এক প্রশ্ন, যার উত্তর শুনতে মুখিয়ে ছিলেন দর্শকরা। বাংলা টেলিভিশনে দীর্ঘ বিরতির পর ফিরেছে ‘বিগ বস বাংলা’। তৃতীয় মরশুমে সঞ্চালকের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। গ্র্যান্ড ওপেনিংয়েই তাঁর সঙ্গে দেখা করতে হাজির হন প্রাক্তন সতীর্থ হরভজন সিং। শুরুটা অবশ্য কথায় নয়, নাচে। জনপ্রিয় বাংলা গান ‘পাগলু থোড়া সা কর লে রোম্যান্স’-এ ভাজ্জির সঙ্গে পা মেলান সৌরভও। ক্রিকেটের মাঠে যাঁদের একসঙ্গে দেখার অভ্যাস দর্শকের, তাঁদের এমন মজার অবতারে দেখে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত অনুরাগীরা।
এর পরেই আসল আড্ডা। সৌরভকে হরভজন প্রশ্ন করেন, ক্রিকেটের মেন্টর বা কোচ না হয়ে কেন বিনোদনের মঞ্চে? জবাবে সৌরভ জানান, বিনোদনের দুনিয়া তাঁর বরাবরেরই পছন্দ। ক্রিকেটের বাইরেও নতুন কিছু করার সুযোগ তিনি উপভোগ করেন। তবে এখানেই থামেননি ভাজ্জি। তাঁর কথায়, ক্রিকেটের দুনিয়ায় তাঁর কাছে ‘বিগ বস’ একজনই-সৌরভ। বাংলায় প্রাক্তন অধিনায়ককে ‘দাদা, আমি তোমাকে ভালোবাসি’ বলতেও শোনা যায় তাঁকে। কথার ফাঁকে ফিরে আসে ইডেনের সেই ঐতিহাসিক দিনও। হরভজনের হ্যাটট্রিক, সৌরভের অধিনায়কত্ব-পুরনো স্মৃতিতে আবেগঘন হয়ে ওঠে মুহূর্ত। ইডেন যে তাঁর ক্রিকেটজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল, সে কথাও জানান ভাজ্জি। কলকাতার দর্শকদের ভালোবাসা এবং এই শহরের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও উঠে আসে তাঁদের কথোপকথনে। এমনকী কলকাতায় এসে নিজেকে অনেকটাই এই শহরের সঙ্গে জড়িয়ে ফেলেছেন বলেও জানান হরভজন।
এ দিন শুধু হরভজন নন, গ্র্যান্ড ওপেনিংয়ে ছিল আরও একাধিক চমক। বিগ বসের ঘরের অন্দরমহল দর্শকদের ঘুরিয়ে দেখান সৌরভ। মনামী ঘোষের নাচও নজর কাড়ে।।সব মিলিয়ে শুরুতেই দর্শকদের জন্য একের পর এক চমক সাজিয়ে দেওয়া হয়েছিল। আর তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করে সৌরভ-ভাজ্জির সেই নাচ ও আড্ডা। তবে ক্রিকেটের মাঠ আর বিগ বসের মঞ্চ যে এক নয়, তা সৌরভও জানেন। ক্রিকেটে যেখানে প্রতিপক্ষ, রান, উইকেট কিংবা ম্যাচের ফলের হিসেব থাকে, সেখানে রিয়্যালিটি শোয়ের সমীকরণ প্রতি মুহূর্তেই বদলাতে পারে। ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এই মরশুম। তাঁদের মধ্যে রয়েছেন ভরত কল, দুর্নিবার সাহা, সোহিনী পাল, নিরঞ্জন মণ্ডল, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, নন্দিনী দত্ত, সায়ক চক্রবর্তী, তনুশ্রী রায় দাস, অনিন্দ্য সেনগুপ্ত, দীপেন্দু বিশ্বাস, সোনামণি সাহা, আলেকজান্দ্রা টেলর, ঝিলম গুপ্ত এবং জয়িতা চক্রবর্তী। জমজমাট সূচনার পর আগামী পর্বগুলিতে ‘মহারাজ’ কী ভাবে এই নতুন ভূমিকায় নিজেকে মেলে ধরেন, সেটাই এখন দেখার।
ছবি সৌজন্যে হরভজন সিং ফেসবুক। (Photo courtesy: Harbhajan Singh Facebook)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *