স্বাধীনতার দিনে গলে ইতিহাসের হাতছানি, ৬০০তম টেস্টে বৃষ্টিই বড় প্রতিপক্ষ ভারতের

0



স্বাধীনতা দিবসেই ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ ভারতীয় ক্রিকেট দলের। শুক্রবার, ১৫ আগস্ট গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামছে টিম ইন্ডিয়া। একই সঙ্গে এই ম্যাচ হতে চলেছে ভারতের ৬০০তম টেস্ট। অর্থাৎ দেশের স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তির দিনই এক ঐতিহাসিক মাইলফলক ছোঁবে ভারতীয় ক্রিকেট।
তবে ইতিহাসের মঞ্চ প্রস্তুত হলেও ম্যাচের আগে স্বস্তিতে নেই ভারতীয় শিবির। দীর্ঘ ৯ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট খেলতে নামার আগে গলের আকাশে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ম্যাচের পাঁচ দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথম দিনেই বৃষ্টির আশঙ্কা প্রায় ৯০ শতাংশ। ফলে ম্যাচের আগে অনুশীলনেও বিঘ্ন ঘটেছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াইয়ে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ হওয়ায় যতটা সম্ভব কম সময় নষ্ট করেই পাঁচ দিন মাঠে থাকতে চাইবে ভারত।
শেষ বার ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে গিয়ে বিরাট কোহলির নেতৃত্বে ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। গলেই সে বার ৩০৪ রানের বিশাল জয় পেয়েছিল তারা। কিন্তু ন’বছর পরের দলটি অনেকটাই বদলে গিয়েছে। শুভমন গিলের নেতৃত্বে নতুন প্রজন্মের ভারতীয় দলকে এবার সামলাতে হবে শ্রীলঙ্কার ঘরের মাঠের স্পিন-চ্যালেঞ্জ।
বিশেষ নজর থাকবে প্রবাত জয়সূর্যের দিকে। গলে ইতিমধ্যেই ১১টি টেস্টে ৮১ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার পারভেজ মাহরুফ তাই তাঁকেই ভারতের ব্যাটারদের সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন। তাঁর দেওয়া ‘গলের রাজা’ তকমাই বলে দিচ্ছে ঘরের মাঠে জয়সূর্যের প্রভাব কতটা।
অন্যদিকে, নেতৃত্বের চাপকে উপভোগই করছেন শুভমন গিল। তাঁর নেতৃত্বে ইংল্যান্ডে টেস্ট সিরিজ ২-২ ড্র করলেও এখনও সিরিজ জয়ের স্বাদ পাননি তিনি। তবে শ্রীলঙ্কা সফরের আগে গিলের দাবি, দল সঠিক পথেই এগোচ্ছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাকি ন’টি টেস্টের মধ্যে অন্তত ছয়-সাতটি জেতার লক্ষ্যও স্পষ্ট করে দিয়েছেন তিনি। ৬০০তম টেস্টে নেতৃত্ব দিয়ে গিল ঢুকে পড়বেন আরও একটি বিশেষ তালিকায়। ভারতের ১০০তম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন মনসুর আলি খান পতৌদি, ৫০০তম টেস্টে অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এবার সেই ঐতিহাসিক তালিকায় যোগ হবে গিলের নাম। তার উপর ম্যাচটি স্বাধীনতা দিবসে, গুরুত্ব যে আলাদা, তা স্বীকার করেছেন ভারত অধিনায়কও। ইতিহাস, নেতৃত্ব, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব আর গলের ঘূর্ণি—সব মিলিয়ে শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারতের সামনে এক কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় বৃষ্টিকে হারিয়ে গিলের তরুণ দল ‘গলের রাজা’দের দুর্গে কতটা দাপট দেখাতে পারে, এখন সেটাই দেখার।


ছবি সৌজন্যে বিসিসিআই (BCCI)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *