ক্রিকেটের নন্দন কাননেই শেফার্ডের হ্যাটট্রিক, হেটমায়ারের ঝড়ের সাক্ষী থাকলেন ক্রিকেট প্রেমী দর্শকরা 

0

এমনি কি আর ইডেন গার্ডেন্সকে বলা হয়, ক্রিকেটের নন্দনকানন! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইডেনে বিশ্বকাপ ম্যাচ স্কটল্যান্ডের। টিকিটের চাহিদা ছিলই না। মনে হয়েছিল হয়তো খাঁ খাঁ করবে ইডেনের গ্যালারি। কিন্তু তা হয়নি। বিশ্বকাপের ম্যাচ চাক্ষুষ করতেও হাজির হয়েছিলেন প্রায় ১৮ হাজার দর্শক। সেই ইডেনই সাক্ষী থাকল অনেক কিছুর। শুধু ওয়েস্ট ইন্ডিজের জয়ই নয়, শেফার্ডের হ্যাটট্রিক, হেটমায়ারের রেকর্ডও দেখল ইডেন।


ইডেনে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশের পরিবর্তে সুযোগ পাওয়া স্কটল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে ক্যারিবিয়ানরা। জবাবে স্কটিশরা ১৮.৫ ওভারে ১৪৭ রানেই অলআউট হয়ে যায়। তাতে ওয়েস্ট ইন্ডিজ তাদের সি গ্রুপের প্রথম ম্যাচ ৩৫ রানে জিতে শুরু করল।
টি২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড গড়েছেন শিমরন হেটমায়ার। দেখেশুনে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের ৬ ওভারে কোনো উইকেট না হারালেও মোটে ৩৩ রান তোলে তারা। ৫০ বলে ৫২ রানের ওপেনিং জুটি গড়েন শাই হোপ আর ব্রেন্ডন কিং। হোপ ২২ বল খেলে করেন মাত্র ১৯, ব্রেন্ডন কিং ৩০ বলে ৩৫। এরপর রানের গতি বাড়ান শিমরন হেটমায়ার, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ডরা। পাওয়েল ১৪ বলে ২৪, রাদারফোর্ড ১৩ বলে করেন ২৬ রান। রানের গতিটা বাড়ান হেটমায়ারই। ২২ বলে অর্ধশতরান করে ক্রিস গেইলের রেকর্ড ভাঙা হেটমায়ার শেষ পর্যন্ত ৬ ছক্কায় ৩৬ বলে করেছেন ৬৪ রান। এর আগে ২০০৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন গেইল।
রান তাড়ায় ৩৭ রানে ৩ উইকেট হারানোর পর রিচি বেরিংটন (২৪ বলে ৪২) ও টম ব্রুসের (২৮ বলে ৩৫) ৭৮ রানের জুটিতে স্বপ্ন দেখতে শুরু করে স্কটল্যান্ড। কিন্তু এরপরই পরপর উইকেটের পতন। ১৭তম ওভারে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নিয়ে পেস বোলিং অলরাউন্ডার রোমারিও শেফার্ড পুরোপুরি গুঁড়িয়ে দেন স্কটল্যান্ডকে। নবম বোলার হিসেবে টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক পেলেন শেফার্ড, যা কোনও প্রথম কোনও ক্যারিবিয়ান গড়লেন। স্কটল্যান্ডের পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি, কলকাতায় নবাগত ইতালির বিরুদ্ধে খেলতে নামবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *