হরমনদের সোনার হাসি! লঙ্কাকে হারিয়ে এশিয়াড ক্রিকেটে টানা সোনা ভারতের মেয়েদের

0


জাপানের নিশিনেতে মঙ্গলবার ইতিহাসের পুনরাবৃত্তি। এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে ফের সোনার পদক ভারতের। ফাইনালে শ্রীলঙ্কাকে একেবারে উড়িয়ে ১৪৭ রানের জয় তুলে নিল হরমনপ্রীত কৌরের দল। এশিয়াডের চলতি আসরে এটাই ভারতের প্রথম সোনা। শুধু তাই নয়, এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটে টানা দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হল ভারত।
ফাইনালের মঞ্চে ভারতীয় ব্যাটিংয়ের শুরু থেকেই ছিল আগ্রাসনের ছাপ। ওপেনিংয়ে শেফালি বর্মা ও স্মৃতি মন্ধানা যে ভিত তৈরি করে দেন, শেষ দিকে সেটাকেই বড় স্কোরে নিয়ে যান রিচা ঘোষ। শেফালির ২৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংসের পর স্মৃতির ব্যাটে দেখা যায় আরও বড় বিস্ফোরণ। মাত্র ৩০ বলে অর্ধশতরান পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৫ বলে ৭৯ রান করেন তিনি। পাঁচটি চার ও সাতটি ছক্কায় সাজানো সেই ইনিংসই ভারতকে বড় রানের পথে এগিয়ে দেয়। অধিনায়ক হরমনপ্রীত ১৭ বলে ১৯ রান করে ফেরার পর ভারতীয় ইনিংসের শেষ দিকটা নিজের মতো করে সাজান রিচা। বাংলার এই উইকেটকিপার-ব্যাটারের ব্যাটে শেষ ওভারগুলিতে রানের গতি আরও বেড়ে যায়। মাত্র ২২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। ভারত শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে। তারপরই শুরু ভারতীয় বোলারদের পাল্টা ঝড়। ২১৭ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই ছন্দ হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। স্পিনের সামনে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। চামারি আতাপাত্তু ২৯ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও বাকিরা কেউই সেই প্রতিরোধ ধরে রাখতে পারেননি। দীপ্তি শর্মার ঘূর্ণিতে তিন উইকেট, শেফালি বর্মা, শ্রেয়াঙ্কা পাতিল এবং শ্রী চরণির হাতে দু’টি করে উইকেট। ভারতীয় বোলিংয়ের চাপে ১৫.৪ ওভারেই মাত্র ৬৯ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ১৪৭ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।


ব্যাটে স্মৃতি-রিচার ঝড়, বল হাতে স্পিনারদের দাপট-ফাইনালে কার্যত সব বিভাগেই এগিয়ে ছিল ভারত। গত এশিয়াডের সোনা ধরে রাখার পাশাপাশি এ বারও মহাদেশীয় মঞ্চে নিজেদের শ্রেষ্ঠত্বের ছাপ রাখল হরমনপ্রীত বাহিনী। ভারতের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলের আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত সংহতির প্রশংসা করে এই জয়কে দেশের জন্য গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেছেন।ছবি সৌজন্যে বিসিসিআই ফেসবুক (Image courtesy: BCCI Facebook)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *