‘মিসেস চ্যাটার্জি’ হয়ে উঠতে রানির অনুপ্রেরণা কে? কৃষ্ণা মুখোপাধ্যায়কে নিয়ে আবেগঘন স্মৃতি রানির
শোকের ছায়া বলিউডে। প্রয়াত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ প্লেব্যাক গায়িকা। ‘যশ রাজ ফিল্মস’-এর তরফে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। তবে এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ পরিবারের তরফে জানানো হয়নি।
যশ রাজ ফিল্মসের বিবৃতিতে জানানো হয়েছে, ” ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, রানি মুখোপাধ্যায়ের মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায়, ৭৫, আজ দুপুরে প্রয়াত হয়েছেন।” পাশাপাশি পরিবারের তরফে সকলের ভালবাসা, প্রার্থনা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানো হয়েছে। এই গভীর শোকের সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করারও আবেদন জানানো হয়েছে।মায়ের সঙ্গে রানি মুখোপাধ্যায়ের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ।প্রতি বছর দুর্গাপুজোর সময় বাড়ির পুজোয় নিয়ম করে দেখা যেত কৃষ্ণা মুখোপাধ্যায়কে। একাধিক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তাঁর জীবনে মা ছিলেন অন্যতম বড় অনুপ্রেরণা।ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে সিনেমার জগতের প্রতি তাঁর ভালবাসা তৈরি হয়েছিল। অভিনয় জীবনের নানা পর্যায়েও মায়ের প্রভাবের কথা বারবার বলেছেন রানি।
বিশেষ করে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের সময় নিজের মায়ের কাছ থেকেই বড়সড় অনুপ্রেরণা নিয়েছিলেন তিনি। মাতৃত্বের অনুভূতি এবং বাঙালি পরিবারের জীবনযাপনের অনেকটাই নিজের মা কৃষ্ণার কাছ থেকে নিয়েছিলেন রানি। মায়ের হাতে খাওয়ানো, সন্তানের প্রতি মায়ের যত্ন, সন্তানের জন্য মায়ের স্বাভাবিক উদ্বেগ এই পরিচিত অভিজ্ঞতাগুলিই ছবির চরিত্রটিকে নিজের মতো করে বুঝতে সাহায্য করেছিল রানিকে।
তবে রানি মুখোপাধ্যায়ের মা হিসেবেই নয়, কৃষ্ণা মুখোপাধ্যায়ের নিজেরও ছিল দীর্ঘ এবং উল্লেখযোগ্য শিল্পীজীবন। তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক গায়িকা। বাংলা ও হিন্দি দুই ভাষার ছবিতেই গান গেয়েছেন তিনি। ‘মোমের আলো’, ‘তিসরি আঁখ’ এবং ‘তোমার রক্তে আমার সোহাগ’-এর মতো ছবির সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে।ব্যক্তিগত জীবনেও চলচ্চিত্র জগতের সঙ্গে তাঁর গভীর যোগ ছিল। পরিচালক রাম মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই সন্তান অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং পরিচালক রাজা মুখোপাধ্যায়। কৃষ্ণা নিজেও এসেছিলেন পরিচিত শিল্পী পরিবার থেকে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায় ছিলেন তাঁর বোন।
