দাঁতে দাঁত চেপে সারাদিন লড়াই! ডবল সেঞ্চুরি করে বাংলাকে সেমির স্বপ্ন দেখাচ্ছেন সুদীপ ঘরামি
বাংলার টপঅর্ডার যখন ফ্লপ, তখন সুদীপ ঘরামি একার কাঁধেই টেনে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন দ্বিতীয় দিন। তৃতীয় দিন যথাযথভাবেই সেই দায়িত্ব পালন করলেন। দ্বিতীয় দিনে ১১২ রানে অপরাজিত থাকা সুদীপ তৃতীয় দিন করলেন নিজের দ্বিশতরান। তাতেই বাংলার কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে যাওয়ার স্বপ্নটাও উস্কে দিলেন। দিনের শেষে বাংলার রান ৬ উইকেট হারিয়ে ৪১৮। সুদীপ ঘরামি অপরাজিত ২১৬ রানে। আন্ধ্রা প্রদেশের থেকে বাংলা প্রথম ইনিংসে এগিয়ে ১২৩ রানে। ম্যাচের এখনও দুদিন বাকি। সব কিছু ঠিকঠাক চললে এখান থেকে বাংলার সেমিফাইনালে যাওয়ার দৌড়ে আপাতত এগিয়ে বাংলাই।
আন্ধ্রা প্রদেশ প্রথম ইনিংসে তুলেছিল ২৯৫। বাংলা সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিন ৫ উইকেট হারিয়ে তুলেছিল ১৯৯। ১১২ রান করে অপরাজিত ছিলেন সুদীপ। তৃতীয় দিন সেখান থেকেই জুটি বাঁধেন সুদীপ আর ২২ রানে অপরাজিত থাকা সুমন্ত। দাঁতে দাঁত চেপে লড়াই শুরু হয়। দুজনে ৩৩৮ বলে ১৬৫ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচে ফেরান বাংলাকে। এরপর সুমন্ত ১৬৭ বলে ৯টি চার ও একটি ছয়ে সাজানো ইনিংসে ৮১ রান করে ফিরলেও অবিচ্ছেদ্য সপ্তম উইকেট জুটিতে ঘরামি ও শাকির হাবিব ২৪৭ বলে ১০০ রান যোগ করেন।
সারাদিনে ১ উইকেটেরই পতন হয়। শাকিব ১১৩ বল খেলে ৪৫ রানে অপরাজিত রয়েছেন। সুদীপ ৪৫১ বলে ২১৬ রানে অপরাজিত আছেন। তাঁর ইনিংস সাজানো ২৭টি বাউন্ডারি দিয়ে। চতুর্থ দিনে লক্ষ্য একটাই— লিড যতটা সম্ভব বাড়ানো। বড় কোনও অঘটন না হলে ম্যাচ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছানো এখন স্রেফ সময়ের অপেক্ষা।
