‘গোলমাল ৫’ নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি নির্মাতাদের
সম্প্রতি রোহিত শেট্টির আসন্ন ছবি ‘গোলমাল ৫’ নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে কিছু খবর, এবং তা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।
সমাজমাধ্যমে প্রচারিত কিছু সংবাদে দাবি করা হয়েছিল, ১৯৮০ সালের অমিতাভ বচ্চন–শশী কাপুর অভিনীত জনপ্রিয় কমেডি ছবি ‘দো অর দো পাঁচ’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে ‘গোলমাল ৫’। তবে এই দাবি সম্পূর্ণভাবে খারিজ করল পরিচালক রোহিত শেট্টির টিম। ছবির নির্মাতাদের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো এবং বিভ্রান্তিকর। টিমের বক্তব্য অনুযায়ী, “ডিজিটাল মাধ্যমে যে খবরগুলি ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। এই ধরনের ভিত্তিহীন তথ্য প্রকাশ করা থেকে সব মিডিয়া হাউস ও ডিজিটাল প্ল্যাটফর্মকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।”
নির্মাতাদের তরফে অনুরোধ করা হয়েছে, ইতিমধ্যে ছড়িয়ে পড়া ভুল খবরগুলো যত দ্রুত সম্ভব সংশোধন বা সরিয়ে নেওয়ার কথা। একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, ভবিষ্যতে এই ধরনের ভুয়ো তথ্য ছড়ানো হলে আইনি পদক্ষেপ করা হবে।
কিন্তু কোথা থেকে এল এই গুঞ্জন? প্রসঙ্গত, একটি বিনোদনমূলক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, পুরনো কমেডি ছবির অনুরাগী রোহিত শেট্টি। তাই অমিতাভ বচ্চন-শশী কাপুরের ছবি ‘দো অর দো পাঁচ’, থেকে অনুপ্রাণিত হয়ে ‘গোলমাল ৫’-এর নির্মাণ করতে পারেন পরিচালক। সেই প্রতিবেদনে আরও উল্লেখ ছিল যে, ‘গোলমাল রিটার্নস’, ‘বোল বচ্চন’ ও ‘গোলমাল ৩’-এর ক্ষেত্রেও নাকি পুরনো কিছু ছবির ছায়া রয়েছে। যদিও এই সমস্ত দাবিকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে রোহিত শেট্টির টিম।
এই বিতর্কের মধ্যেই নির্মাতা রোহিত শেট্টির নিরাপত্তা ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি, তাঁর মুম্বইয়ের বাড়িতে গভীর রাতে গুলি চালানোর ঘটনা ঘটে বলে খবর। এই ঘটনার পর ‘গোলমাল ৫’-এর শুটিং শুরু হলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। পুলিশের পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের সমন্বয়ে মোতায়েন করা হবে দ্বি-স্তরের নিরাপত্তা ব্যবস্থা, এবং শুটিং সংক্রান্ত তথ্য সীমিত রাখা হবে।
