নতুন সম্পর্কে অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়, অভিষেক অতীত! প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনে সবাইকে চমকে দিলেন
নতুন করে প্রেমে পড়েছেন ‘কথা’ ধারাবাহিকের জুনি। নিজের মনের মানুষের কথা নিজেই সমাজমধ্যমে জানিয়েছেন অভিনেত্রী দিয়া মুখোপাধ্যায়। কে সেই মানুষ সেটা যদিও এখনই বলতে রাজি নন দিয়া।
আডিশন থেকে দিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে দিয়া জানান, বেশ কয়েক মাস কেটে গিয়েছে মনের মানুষকে খুঁজে পেয়েছেন তিনি। কী করে অভিনেত্রী বুঝলেন এই মানুষটাই সঠিক? দিয়া বলেন, ‘চিন্তাধারা, তোমায় কীভাবে সে দেখছে , কীভাবে রাখছে আমাকে, বাড়ির সবার সামনে বা বন্ধুদের সামনে আমায় কীভাবে পরিচয় করিয়ে দিচ্ছে—এই সবকিছু দেখেই মনে হল। আসলে শুধু মুখে বললেই তো হয় না, আমার কাছে কাজে করে দেখানোটাই আসল।’

ছবি পোস্ট করার সময় প্রেমিকের মুখ ঢেকে দিয়েছেন। যদিও সেটা ইচ্ছা করেই করেছেন তিনি। কারণও স্পষ্ট করেছেন। দিয়া লেখেন নজর লাগার কথা। সেই বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী বলেন, “নজরে বিশ্বাস করছি কারণ অনেক কাজ অনেকভাবে নষ্ট হয়েছে। অনেকের সামনে বলে ফেলেছি, কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না, আমি হয়তো বলে ফেলেছি মুখফোসকে কারণ আমি লুকিয়ে চুরিয়ে রাখতে পারিনা এবং দেখলাম বলার পর কাজটাই আর হলনা। এগুলো এত হয়েছে মা ও এখন বকুনি দেন আমাকে। বলেন কাউকে কাজ হওয়ার আগেই না বলতে।” অভিনেত্রী আরও বলেন, “তাই ভেবেছি আংটিবদল সেরেই সবাইকে জনাব।”
কীভাবে আলাপ দু’জনের? দিয়া বলেন, “সমাজ মাধ্যমে নয়, সামনে সামনি দেখা হয়েছিল আমাদের। তার পরে আলাপ হয়। এগোয় কথাবার্তা।”
বিয়ে নিয়ে কী পরিকল্পনা দিয়ার? অভিনেত্রীর স্পষ্ট জবাব, ‘প্রেম যখন করছি বিয়ের পরিকল্পনা তো থাকবেই তবে এখুনি কোনও সিদ্ধান্ত নিচ্ছি না এই বিষয়ে। তবে প্রতি দিন আমরা বিয়ে নিয়ে একটা আলোচনা করি। যদিও দিনক্ষণ নিয়ে এখনও ভাবনা চিন্তা করিনি। সময় যখন বলবে এটাই সঠিক, তখনই করে নেব।’
অভিনেত্রী যোগ করেন, ‘বাবা-মা আমার সম্পর্ক নিয়ে খুব খুশি এটাই আমার কাছে বড় পাওনা। ওঁকে নিজেদের ছেলের মত ভালবাসেন। তাঁরাও নিশ্চিন্ত যে কাছাকাছি কেউ একজন আছে। যে খেয়াল রাখে আমার। কারণ বাবা-মা মধ্যমগ্রামে থাকেন। আর আমি টালিগঞ্জে একা। কিন্তু ও কাছে থাকে বলে বাবা-মা নিশ্চিন্ত। শরীর খারাপ হোক বা ইমোশনাল সাপোর্ট বা সারাদিনের পর কাজের শেষে একটা মানুষকে পাই কথা বলার জন্য সব।’
অতীতে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এসেছিল অনেক ঝড়। অভিষেক বসুর সঙ্গে সম্পর্ক ভাঙার পরে আর সে ভাবে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে বিশেষ আলোচনা হয়নি। এই প্রথম নিজের প্রেমিককে সামনে এনে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন ‘মিঠাই’-এর শ্রী। যদিও এখন কোনও ধারাবাহিকে দেখা যাচ্ছেনা তাঁকে। তাঁর শেষ ধারাবাহিক ‘কথা’। তবে সূত্রের খবর খুব শীঘ্রই নতুন গল্পে নতুন রূপে দেখা যাবে দিয়াকে।
