মধ্যপ্রাচ্যের তুমুল উত্তেজনা! দুবাইয়ে ইউভানকে নিয়ে আটকে অভিনেত্রী শুভশ্রী
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক উড়ান পরিষেবায় বড়সড় প্রভাব পড়েছে। আকাশপথ আংশিক বন্ধ হয়ে যাওয়া এবং একাধিক উড়ান বাতিলের কারণে দুবাইয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং তাঁর ছেলে ইউভান।
ছেলের স্কুলের ছুটিতে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু চলমান সংঘাতের জেরে উড়ান বাতিল হওয়ায় আপাতত দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। অভিনেত্রীর স্বামী পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী জানিয়েছেন, শুভশ্রী ও তাঁদের ছেলে বর্তমানে হোটেলেই রয়েছেন এবং নিরাপদে আছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁরা দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রশাসনের তরফে সতর্কতামূলক নির্দেশিকা মেনে চলছেন অভিনেত্রী। পরিস্থিতির দিকে নজর রেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি আমেরিকা- ইজরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আবহে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইরান ও ইরাকসহ একাধিক অঞ্চলের আকাশপথ আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আন্তর্জাতিক উড়ান পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এবং বহু যাত্রী সমস্যায় পড়েছেন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, আকাশপথ সাময়িকভাবে বন্ধ থাকার কারণে যাঁরা সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন, তাঁদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ধীরে ধীরে উড়ান পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
