‘ধুরন্ধর ২’-এর দাপটে পিছিয়ে ‘জওয়ান’ ‘অ্যানিম্যাল’! বিশ্বজুড়ে ২০০ কোটিরও বেশি আয়ে ইতিহাস
প্রত্যাশা ছিল আকাশছোঁয়া, আর মুক্তির প্রথম দিনেই সেই প্রত্যাশাকে ছাপিয়ে ইতিহাস গড়ল রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’।পরিচালক আদিত্য ধরের এই বহুল প্রতীক্ষিত ছবি বক্স অফিসে এমন দাপট দেখিয়েছে, যা আগে বলিউডে খুব কমই দেখা গেছে। মুক্তির দিনেই দেশজুড়ে ২১ হাজারেরও বেশি শো থেকে ছবিটি প্রায় ১০২-১০৩ কোটি টাকার নেট সংগ্রহ করে বলিউডের সর্বকালের সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড নিজেদের নামে করে নিয়েছে। এর ফলে শাহরুখ খানের ‘জওয়ান’ কিংবা রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’-এর মতো ব্লকবাস্টার ছবিকেও অনায়াসে পিছনে ফেলেছে এই সিনেমা। বিশেষভাবে উল্লেখযোগ্য, বলিউডের ইতিহাসে এই প্রথম কোনও হিন্দি ছবি মুক্তির প্রথম দিনেই ১০০ কোটির গণ্ডি অতিক্রম করল। ছবির সাফল্যের পিছনে বড় ভূমিকা রেখেছে পেইড প্রিভিউ শো। মুক্তির আগের দিন সন্ধে থেকে শুরু হওয়া এই প্রিভিউ থেকেই প্রায় ৪৩-৫০ কোটি টাকার আয় হয়। ফলে মুক্তির দিনেই ছবিটি শক্তিশালী অবস্থানে পৌঁছে যায়। সব মিলিয়ে প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪৫ কোটিরও বেশি।
শুধু দেশেই নয়, বিদেশের বাজারেও ‘ধুরন্ধর ২’-এর ঝড় স্পষ্ট। প্রথম দিনেই আন্তর্জাতিক বাজার থেকে ৫ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে বলে জানা গেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪৮ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির প্রথম দিনের আয় ২০০-২২০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে বলে ট্রেড বিশ্লেষকদের ধারণা। হিন্দি সংস্করণেই ছবিটি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে। প্রায় ১৯,৫০০টি শো-তে ৭০ শতাংশের বেশি দর্শক উপস্থিতি নিয়ে ৯৯ কোটির কাছাকাছি আয় করেছে এই ভার্সন। অন্য ভাষাগুলিতেও ছবিটি দাপটের সঙ্গে ব্যবসা করেছে। উইক ডে’তে মুক্তি পেয়েও এই সাফল্য ইঙ্গিত দিচ্ছে, সপ্তাহান্তে আয় আরও বাড়তে পারে।বিশেষত শনিবার দেশ জুড়ে ঈদের ছুটি রয়েছে।
ছবির গল্প, অ্যাকশন এবং দেশপ্রেমের মিশ্রণ দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে। রণবীর সিংয়ের ‘হামজা’ চরিত্রের খতরনাক অবতার ইতিমধ্যেই দর্শকমহলে সাড়া ফেলেছে। পাশাপাশি একটি বিশেষ দৃশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোটবন্দি ঘোষণার মুহূর্ত তুলে ধরায় বাড়তি চমক পেয়েছেন দর্শকরা।আর মাধবন, অর্জুন রামপাল ও সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের উপস্থিতি ছবিটিকে আরও আকর্ষণীয় করেছে। প্রায় চার ঘণ্টার টানটান চিত্রনাট্যে নির্মিত এই অ্যাকশন-ড্রামা এরমধ্যেই বছরের অন্যতম বড় ব্লকবাস্টার ছবি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছে। সব মিলিয়ে বলা যায়,‘ধুরন্ধর ২’ শুধু একটি সিনেমা নয়, বরং বলিউড বক্স অফিসে নতুন যুগের সূচনা। সিনেমহলের ধারণা, এই গতি বজায় থাকলে আগামীদিনে আরও একাধিক রেকর্ড ভাঙতে পারে ছবিটি।
