বহু বছর পরে বড়পর্দায় ফিরছেন অনুষ্কা! জুটি বাঁধছেন আল্লু অর্জুনের সঙ্গে?

0

অভিনেত্রী অনুষ্কা শর্মাকে ঘিরে তৈরি হয়েছে নতুন গুঞ্জন, ইন্ডাস্ট্রির অন্দরে। কয়েক বছর বিরতির পর তাঁকে নাকি আবার দেখা যেতে পারে বড়পর্দায়। শোনা যাচ্ছে, তেলুগু সিনেমার জগতে ডেবিউ করতে চলেছেন অনুষ্কা।

দক্ষিণী অভিনেতা অল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির বহু প্রতীক্ষিত  ‘AA22xA6’ ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইতিমধ্যেই জানা গিয়েছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেও। আর এবার শোনা যাচ্ছে, অভিনেত্রী অনুষ্কা শর্মার নামও যুক্ত হতে চলেছে এই ছবিতে।

একাধিক প্রতিবেদন অনুযায়ী, ‘AA22xA6’ টিমের সঙ্গে কথাবার্তা চলছে অনুষ্কার। সব কিছু ঠিকঠাক এগোলে এই ছবির মাধ্যমেই তিনি প্রথমবার তেলুগু সিনেমায় পা রাখতে পারেন। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নির্মাতাদের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘জিরো’ ছবির পর বড় পর্দায় আর দেখা যায়নি অনুষ্কা শর্মাকে। পরবর্তীতে প্রযোজক হিসেবে সক্রিয় থাকলেও অভিনয়ে তাঁর কামব্যাক নিয়ে ভক্তদের মধ্যে দীর্ঘদিন ধরেই কৌতূহল ছিল। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এ অভিনয় করার কথা থাকলেও, সেই প্রোজেক্ট নিয়েও কোনও নিশ্চিত খবর এখনও সামনে আসেনি।

অন্যদিকে, ‘AA22xA6’ ছবিটি নাকি একাধিক তারকায় ভরপুর হতে চলেছে। এই ছবিতে মৃণাল ঠাকুর, জাহ্নবী কাপুর এবং রাশ্মিকা মন্দানার মতো অভিনেত্রীদের নাম থাকতে পারে, এমন খবরও ঘুরে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে, রাশ্মিকা একটি নেগেটিভ চরিত্রে থাকতে পারেন, এবং আল্লু অর্জুন একাধিক চরিত্রে অভিনয় করতে পারেন।

সব মিলিয়ে, ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এখন দেখার, অনুষ্কা শর্মার তেলুগু ডেবিউ নিয়ে জল্পনা কতটা সত্যি এবং শেষ পর্যন্ত কী চমক অপেক্ষা করছে দর্শকের জন্য।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *