‘ধুরন্ধর ২’-এর সাফল্যের মাঝে, কান্তারা বিতর্কে নতুন মোড়, কেন আদালতে ক্ষমা চাইতে হবে রণবীরকে?
‘ধুরন্ধর ২’-এর বক্স অফিস সাফল্যের মাঝেই ফের শিরোনামে রণবীর সিং। তবে এবার কারণ তাঁর অভিনয় নয়, বরং পুরনো এক বিতর্ক। যা আবার নতুন করে সামনে এসেছে। ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর সঙ্গে জড়িত একটি ঘটনা ঘিরে আদালতের কাছে নিঃর্শত ক্ষমা চেয়ে হলফনামা জমা দিতে হবে অভিনেতাকে।
গত বছর একটি অনুষ্ঠানের মঞ্চে রণবীর ‘কান্তারা’ সিনেমার মুখ্য চরিত্র ঋষভ শেট্টীর অভিনয়ের অনুকরণ করেন। সিনেমার একটি বিশেষ চরিত্র ‘চামুণ্ডি দৈব’-কে নকল করতে গিয়ে রণবীর, সেই দেবতাকে ‘ডেমন’ বা ‘দানব’ বলে সম্বোধন করেন। সেই সময় তাঁর এই অনুকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়। অনেকেই অভিযোগ করেন, এতে ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। সেই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। এবার সেই মামলাতেই রণবীরকে সশরীরে মহীশূরের চামুণ্ডি মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল কর্ণাটক হাই কোর্ট।
এই মামলাতেই কর্ণাটক হাই কোর্টে শুনানির সময় রণবীর জানিয়েছেন, তিনি নিঃশর্ত ক্ষমা চেয়ে হলফনামা জমা দিতে প্রস্তুত। শুধু তাই নয়, আদালতের পরামর্শ অনুযায়ী তিনি চামুণ্ডী মন্দিরেও গিয়ে প্রার্থনা ও ক্ষমা প্রার্থনা করতে রাজি আছেন বলেও জানা যায়। শুনানির সময় বিচারপতি এম নাগপ্রসন্ন মন্তব্য করেন, একজন তারকার উপর দায়িত্ব অনেক বেশি। তিনি স্পষ্ট বলেন, জনপ্রিয়তার জোরে কেউ আইনের ঊর্ধ্বে নন এবং এমন কোনও মন্তব্য করা উচিত নয় যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে।
রণবীরের আইনজীবী সজন পুভাইয়া আদালতে জানান, অভিনেতা ইতিমধ্যেই নিজের ভুল স্বীকার করেছেন এবং আগে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছেন। তাঁর দাবি, মন্তব্যটি অনিচ্ছাকৃত ভাবে করা হয়েছিল।
উল্লেখ্য, এই বিতর্কের পর রণবীর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লিখেছিলেন, “তিনি শুধুমাত্র ঋষভ শেট্টী-র অভিনয়ের প্রশংসা করতে গিয়ে এই কাজ করেছিলেন এবং তাঁর কোনওভাবেই কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। তবুও যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।”
