সোনার ডিম! ওয়ার্নের দূরদর্শিতাতেই পরিবার পাচ্ছে প্রায় ৪৫০ কোটি টাকা! কী করেছিলেন তিনি?

0

মাঠে তিনি ছিলেন জাদুকর, আর মাঠের বাইরে এক অসাধারণ দূরদর্শী। শেন ওয়ার্ন আজ আর বেঁচে নেই, কিন্তু তাঁর এক কৌশলী সিদ্ধান্ত ফের খবরের শিরোনামে। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের সাম্প্রতিক মালিকানা বদলের পর তাঁর পরিবার পেতে চলেছে বিপুল অঙ্কের অর্থ, প্রায় ৪৫০ কোটি টাকা। তাতেই যে কোনও ক্রিকেটারের পারিশ্রমিককে, নিলামের টাকাকে ছাপিয়ে গেছেন এক নিমেষে।
২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে রাজস্থানের অধিনায়ক ও কোচ- দুই ভূমিকাতেই ছিলেন ওয়ার্ন। সেই সময় ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মনোজ বাদালে তাঁকে দলের ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু শুধু দায়িত্বেই থেমে থাকেননি ওয়ার্ন। তিনি তাঁর চুক্তিতে একটি বিশেষ শর্ত জুড়ে দেন-প্রতি মরসুমে ০.৭৫ শতাংশ করে মালিকানা। চার বছর দলের সঙ্গে যুক্ত থাকায় তাঁর শেয়ার দাঁড়ায় ৩ শতাংশে। প্রথম মরসুমেই তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় রাজস্থান। সেই রূপকথার সাফল্যের পাশাপাশি ভবিষ্যতের বিনিয়োগও গড়ে তুলেছিলেন তিনি। সম্প্রতি আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি টাকায় বিক্রি হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সেই হিসেবেই ওয়ার্নের ৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য কয়েকশো কোটিতে পৌঁছেছে।২০২২ সালে থাইল্যান্ডে অকালপ্রয়াণ ঘটে এই কিংবদন্তি স্পিনারের। নিজের দূরদর্শিতার ফল তিনি দেখে যেতে না পারলেও, তাঁর পরিবার এখন সেই সুফলের মুখোমুখি। তবে ২০২৬ আইপিএল মরসুমের পরই বিসিসিআইয়ের অনুমতি সাপেক্ষে এই শেয়ারের টাকা পরিবার পেয়ে যাবে। শেন ওয়ার্ন শুধু লেগ স্পিনের জাদু দেখাননি, তিনি প্রমাণ করে গিয়েছেন, খেলার বাইরেও কীভাবে ভবিষ্যৎ গড়া যায়। রাজস্থানের সেই স্বপ্নযাত্রার শুরুতে যেমন তিনি নায়ক ছিলেন, তেমনই মালিকানা বদলের এই অধ্যায়েও ফিরে এল তাঁর নাম, আরও একবার, এক অন্য আলোয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *