বারবার অবতরণের চেষ্টা ব্যর্থ! মাঝ আকাশেই চক্কর মুখ্যমন্ত্রীর বিমান! অবশেষে স্বস্তি
অবশেষে স্বস্তি। আচমকা ঝড়-বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে বৃহস্পতিবার বড়সড় বিপদের মুখে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। নির্ধারিত সময়েই কলকাতার আকাশে পৌঁছলেও প্রতিকূল আবহাওয়ার কারণে দীর্ঘক্ষণ অবতরণ সম্ভব হয়নি। প্রায় দেড় ঘণ্টা মাঝ আকাশে চক্কর কাটার পর অবশেষে বিকেল ৫টা ১৮ মিনিটে দমদম বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন পশ্চিম বর্ধমানের অণ্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৩টে ৩৯ মিনিট নাগাদ তিনি বিমানে ওঠেন এবং ৩টে ৫৫ মিনিটে দমদমে অবতরণের কথা ছিল। কিন্তু দুপুরের পর থেকেই কলকাতার আকাশ আচমকা কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল ঝড় ও বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। এর জেরে দমদম বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। বিমানটি নির্ধারিত সময়ে কলকাতার আকাশে পৌঁছলেও খারাপ আবহাওয়ার কারণে পাইলট ঝুঁকি নিতে চাননি। একাধিকবার অবতরণের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, আবার কখনও ডায়মন্ড হারবার—এভাবে বিভিন্ন এলাকার উপর দিয়ে চক্কর কাটতে থাকে বিমানটি। পরিস্থিতির উন্নতি না হওয়ায় একসময় বিমানটিকে ডোমজুড়ের দিকেও সরিয়ে নেওয়া হয় বলে জানা যায়। সূত্রের খবর, বেহালা ফ্লাইং ক্লাবের আকাশেও অন্তত তিনবার অবতরণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ঝড়ের দাপট মাঝে কিছুটা কমলেও ফের আবহাওয়া খারাপ হয়ে যাওয়ায় প্রতিবারই অবতরণ স্থগিত রাখতে হয়।
উল্লেখ্য, এদিন পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে জনসভা সেরে অণ্ডাল বিমানবন্দর থেকে কলকাতায় ফিরছিলেন মুখ্যমন্ত্রী। ফিরতি পথে এই আবহাওয়াজনিত সমস্যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হয় তাঁকে। তবে শেষ পর্যন্ত নিরাপদ অবতরণ হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছে প্রশাসন।
