বৃষ্টির অন্ধকার ভেদ করে গঙ্গার ঘাটে লক্ষ প্রদীপ, মোদীর জন্মদিনে কলকাতায় আলোর উৎসব

0



বৃষ্টি নামছিল শহরের আকাশজুড়ে। কখনও মেঘের গর্জন, কখনও ঝিরঝিরে বৃষ্টি। তার মধ্যেই গঙ্গার বুকে জ্বলে উঠল একের পর এক প্রদীপ। বাজা কদমতলা ঘাটে বৃহস্পতিবার সন্ধের সেই দৃশ্য মুহূর্তে বদলে দিল পরিবেশ। লক্ষ প্রদীপের আলোয় ঝলমল করে উঠল গঙ্গার পাড়। উপলক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। আর সেই আলোকমালার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃষ্টিকে উপেক্ষা করেই প্রদীপ প্রজ্জ্বলন করেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর জনজীবনের ২৫ বছর পূর্তির কথাও তুলে ধরে তাঁকে শুভেচ্ছা জানান তিনি। শুভেন্দুর বক্তব্য, ‘দেশের সেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রদীপ জ্বালিয়ে গর্বিত ভারতীয় হিসেবে তাঁকে অভিনন্দন জানাচ্ছি।’ একইসঙ্গে প্রধানমন্ত্রীকে ‘বিশ্বনেতা’ হিসেবে উল্লেখ করেন তিনি।
তবে বাজা কদমতলার এই আয়োজন শুধু এক সন্ধের অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়। ১৭ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ অক্টোবর মোদির ২৫ বছরের প্রশাসনিক জীবনের পূর্তি উপলক্ষে জেলায় জেলায় ভার্চুয়াল সভার পরিকল্পনাও রয়েছে। স্কুলপড়ুয়াদের নিয়েও থাকছে বিশেষ আয়োজন। ৮০ হাজার স্কুলে কুইজ, বিতর্ক ও আঁকা প্রতিযোগিতার পরিকল্পনা করা হয়েছে। ২০৪৭ সালের ভারতকে নতুন প্রজন্ম কীভাবে দেখতে চায়, সেই ভাবনা তাদের সৃষ্টিশীলতার মাধ্যমে তুলে ধরার সুযোগ দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। কলস যাত্রা, রঙ্গোলি, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ আরও নানা কর্মসূচিও রয়েছে।
এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি, রাজ্যের মন্ত্রী তাপস রায় ও ইন্দ্রনীল খাঁ, কলকাতার পুর-প্রশাসক স্মিতা পান্ডে-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কলকাতার হাওড়া ব্রিজও সাজানো হয় আলোর মালায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে নানা অনুষ্ঠান। কোথাও পরিষেবা ও সামাজিক উদ্যোগ, কোথাও আবার পড়ুয়াদের নিয়ে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। আর তারই সূচনা হল বৃষ্টিভেজা কলকাতার গঙ্গার ঘাটে লক্ষ প্রদীপের আলোয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *