‘১০ বার স্পর্শ করেছিলেন’,সনোজ মিশ্রর বিরুদ্ধে অভিযোগ মোনালিসার, কী জবাব দিলেন পরিচালক?
প্রয়াগরাজের কুম্ভমেলায় ভাইরাল হয়ে ওঠা তরুণী মোনালিসা ভোঁসলেকে নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ ,পরিচালক সানোজ মিশ্র তাঁকে সিনেমায় সুযোগ দেওয়ার নাম করে মোনালিসার সঙ্গে খারাপ ব্যবহার করেন। শুধু তাই নয়,পরিচালক আরও বেশ কিছু নাবালিকার সাথেও একই আচরণ করেছেন।
সম্প্রতি, মোনালিসা ভোঁসলে কেরলের কোচিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্বামী ফারমান খানের সঙ্গে উপস্থিত হয়ে জানিয়েছিলেন ,পরিচালক সানোজ মিশ্র তাঁকে ১০ বার অশালীনভাবে স্পর্শ করেছিলেন। সেটেও তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। তবে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে অভিযোগ করতে বারণ করেছিল, কারণ এটি ছিল তাঁর প্রথম ছবি। মোনালিসা বলেন , “পরিচালক তার ‘দ্য ডায়েরি অফ মণিপুর’ ছবির শুটিং চলাকালীন আমাকে বহুবার হেনস্থা করেছে। এছাড়াও আমার বিয়ে নিয়ে ভুল তথ্য ছড়িয়ে কুৎসা রটানোর চেষ্টা করেছে।
পরিচালক মিশ্র তাঁদের বিয়েকে ‘লাভ জিহাদ’ বলে প্রচার করে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করেছে। মোনালিসা জানিয়েছেন, যে তিনি হিন্দু রীতি মেনেই ফারমানকে বিয়ে করেছেন তা দেশবাসী জানেন। কিন্তু তাও পরিচালক তার স্বামীকে ‘সন্ত্রাসবাদী’ বলেছেন। মোনালিসাকে ছবিতে কাজ করতে না দেওয়ার হুমকি দিতেই তিনি জানিয়েছেন , “কে তার ছবিতে কাজ করতে চায় ? তিনি একজন অত্যন্ত খারাপ ও ঘৃণ্য মানুষ। তার নাম উচ্চারণ করতেও আমার লজ্জা লাগে।”
পরিচালক সানোজ মিশ্র এই সম্পূর্ণ ঘটনাটিকে মিথ্যা বলে দাবি করেছেন। তিনি বলেন ,“যে মেয়েটির পাশে আমি দাঁড়িয়েছিলাম সেই মেয়েই আজ আমাকে সমস্যায় ফেলেছে। শুধুমাত্র আমি তার পরিবারের পক্ষে কথা বলেছিলাম বলে এবং তার এই নাবালিকা বয়সে পালিয়ে গিয়ে বিয়ের সিদ্ধান্তকে বিরোধিতা করেছি বলে। এতদিন ধরে যখন আমি তাকে সংলাপ বলা,হাসা – কাঁদা সব শিখিয়েছি তখন তার কোনও সমস্যা হয়নি।কিন্তু তার বিয়েকে ‘লাভ জিহাদ’ মন্তব্য করায় আমার নামে এতবড় অপবাদ দেওয়া হয়েছে।”
‘রাম কি জন্মভূমির’ ছবির পরিচালক আরও জানান যে তিনি এক কিংবা দুদিনের মধ্যেই তার নামে মানহানির অভিযোগ দায়ের করবে। পরিচালকের নামে অপবাদ দেওয়ার কোনো অধিকার তার নেই। যদি মোনালিসাকে সত্যি হেনস্থা করা হয় তাহলে সেও আইনি পদক্ষেপ করতে পারে বলে জানিয়েছেন পরিচালক।
পরিচালকের এই মন্তব্য আসে মোনালিসার সাংবাদিক সম্মেলনের পর। খবর অনুযায়ী মোনালিসা বর্তমানে কোনও অভিযোগ দায়ের করেননি।তবে তিনি আইনজীবীদের সাথে পরামর্শ করে পকসো আইনের আওতায় পদক্ষেপ করার পরিকল্পনা করছেন ,কারণ ঘটনাটি যেহেতু ১৮ বছর বয়সের আগে ঘটেছিল। পাশাপাশি মোনালিসা ও ফারমানের কাছে প্রাণনাশের হুমকি আসায় তারা মধ্যপ্রদেশ ও কেরলের সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন।
প্রসঙ্গত , মোনালিসা ভোঁসলে মূলত ইনদওরের এক মালা বিক্রেতা। কুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে মালা ও রুদ্রাক্ষ বিক্রি করার সময় তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এবং তিনি রাতারাতি পরিচিতি পান। সম্প্রতি তিনি পরিবারের আপত্তির সত্ত্বেও করলে গিয়ে ফারমান খানকে বিয়ে করেন। বর্তমানে তিনি একটি ছবির শুটিংয়ের জন্য তিরুবনন্তপুরমে রয়েছেন।
