হাঁটতে গিয়ে পা বেঁকে যেতো একরত্তির! কন্যার কঠিন রোগের কথা প্রকাশ্যে আনলেন বরুণ ধওয়ান

0

ব্যক্তিগত জীবন বরাবরই ক্যামেরার আড়ালে রাখতে পছন্দ করেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান। ২০২৪ সালে কন্যা সন্তানের বাবা হন অভিনেতা। এখনও পর্যন্ত কন্যা লারা-র ছবি প্রকাশ্যে আনেননি তিনি। তবে এবার এক সাক্ষাৎকারে তাঁর শিশুকন্যার কঠিন রোগের কথা প্রকাশ্যে আনলেন বরুণ।

বরুণ জানান, তাঁর দেড় বছরের ছোট্ট মেয়ে লারার শরীরে ধরা পড়েছিল ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লাসিয়া অব দ্য হিপ’ (DDH) নামের একটি সমস্যা, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটা বা দৌড়নো কঠিন হয়ে যায়। তিনি জানান, খুব কম বয়সেই এই সমস্যার ধরা পড়ে। হাঁটতে গিয়ে মাঝে মধ্যেই পা বেঁকে যেতো একরত্তির।

অভিনেতা বলেন, “এই অবস্থায় হিপ জয়েন্ট সঠিকভাবে বসে না, ফলে শরীরের ভারসাম্যে প্রভাব পড়ে এবং হাঁটার সময় অস্বাভাবিকতা দেখা যায়।” বিষয়টি জানার পর স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েন অভিনেতা ও তাঁর স্ত্রী নাতাশা দালাল। তবে চিকিৎসকদের পরামর্শে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। বরুণ জানান, বড় কোনও অস্ত্রোপচার করতে হয়নি, কিন্তু একটি বিশেষ মেডিক্যাল প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় লারাকে। এরপর প্রায় আড়াই মাস তাকে ‘স্পাইকা কাস্ট’ পরে থাকতে হয়েছিল, যা একটি শিশুর জন্য অত্যন্ত কষ্টকর।

অভিনেতা আরও জানান, এই অভিজ্ঞতা তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবং ভবিষ্যতে এই বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে তিনি একটি বই লেখার কথাও ভাবছেন। তাঁর মতে, অনেক বাবা-মা এই সমস্যার বিষয়ে সচেতন নন, ফলে সময়মতো চিকিৎসা না হলে ভবিষ্যতে বড় জটিলতা তৈরি হতে পারে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *