প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তালসারিতে শুটিংয়ের পরেই ঘটেছে অঘটন
ফের নক্ষত্রপতন টলিপাড়ায়। না ফেরার দেশে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়। রবিবারের ছুটির দিনে টলিপাড়ায় নেমে এল গভীর শোকের ছায়া। শুটিং শেষে হঠাৎ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলা সিনেমা ও ধারাবাহিকের পরিচিত অভিনেতা রাহুল । এই খবরে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় গোটা বিনোদন জগৎ।
ঘটনাটি সত্যি হলেও ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। সঙ্গে থাকা টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করলেও শেষরক্ষা হয়নি।
বর্তমানে ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালে কাজ করছিলেন রাহুল। তাঁর অভিনীত চরিত্র দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। হঠাৎ এই অকাল প্রয়াণে থমকে গিয়েছে স্টুডিও পাড়া, শোকস্তব্ধ সহকর্মী থেকে অনুরাগীরা। তবে উল্লেখযোগ্য বিষয় হল, এই খবর এখনও সদ্যপ্রাপ্ত এবং পূর্ণাঙ্গ তথ্য সামনে আসেনি। অন্দরের খবর, শুটিং শেষে অনেক শিল্পীরা বাড়ি পথে রওনাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু অভিনেতাকে নাকি বার বার বারণ করা সত্ত্বেও তিনি জলে নামেন। আগামিকাল কাঁথিতে ময়নাতদন্ত হবে। তার পরে সব সিদ্ধান্ত নেওয়া হবে।
