পূর্ণাঙ্গ তদন্ত চাই, নিরাপত্তাহীন শুটিংয়ের দায় নিতে হবে… রাহুলের আকস্মিক মৃত্যুতে কী জানালেন সুদীপ্তা চক্রবর্তী ও রূপাঞ্জনা মিত্র

0

‘চিরদিনই তুমি যে আমার’ অভিনীত রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের অকাল মৃত্যু যেন তুলে দিচ্ছে একের পর এক প্রশ্ন। ‘ভোলে বাবা পার কারেগা’ সিরিয়ালের শুটিং চলাকালীন তালসারির সমুদ্রসৈকতে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনা ঘিরে তৈরী হচ্ছে ধোঁয়াশা। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে সামনে আসছে ভিন্ন ভিন্ন বয়ান। সেই আবহেই মুখ খুললেন টলিপাড়ার দুই অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং রূপাঞ্জনা মিত্র।

সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী জানিয়েছেন ,”আমি সুদীপ্তা চক্রবর্তী, অভিনেতা এবং ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্ট ফোরামের সাধারণ একজন সদস্য হিসাবে সহকর্মী রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের শুটিং স্পটে অস্বাভাবিক মৃত্যুর পূর্ণাঙ্গ এবং নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবী করছি। আমাদের ফোরাম এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে, তাও জানতে চাই। কার্যনির্বাহী কমিটির যে কজন সদস্যের যোগাযোগের নম্বর আমার কাছে ছিল, তাঁদের ব্যক্তিগতভাবে জানিয়েছি। বাকিদের এখানেই জানালাম।”

অন্যদিকে , অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র জানিয়েছেন , “কোনও নিরাপত্তা ছাড়া যে শুটিং হচ্ছে ? তার দায় নিতেই হবে ইন্ডাস্ট্রিকে। আর ধামা চাপা দেওয়া যাবে না। শিল্পীদের জন্য বাংলার সো কলড ইন্ডাস্ট্রি নিরাপদ নয়। জীবনের ঝুঁকি নিয়ে প্রচুর শিল্পী প্রচুর কাজ করেছে এই ট্রেডে। অরুণোদয়  একজন পেশাদার অভিনেতা। এই দুর্ঘটনার সময় শুটিং চলছিল , ঈশ্বর এদের ছেড়োনা।”


রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু শুধু শোকই নয়, গোটা টলিপাড়াকে নাড়িয়ে দিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নে। শুটিং সেটে নিরাপত্তার ঘাটতি, দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়বদ্ধতা সবকিছু নিয়েই এখন জোরালো আলোচনা শুরু হয়েছে। সুদীপ্তা চক্রবর্তীর নিরপেক্ষ তদন্তের দাবি এবং রূপাঞ্জনা মিত্র-র সরাসরি ক্ষোভ এই বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে সামনে এনে দিয়েছে।

রাজ চক্রবর্তীর হাত ধরে ‘চিরদিনই তুমি যে আমার’ প্রথম তাকে পরিচিতি পেতে সাহায্য করে। তারপর থেকেই একের পর এক ছবি উপহার দিতে থাকেন। সিনেমার পাশাপাশি সিরিজ ও ধারাবাহিকেও ছিলেন সমান সাবলীল। ‘ ‘দুর্গ রহস্য’-এ অজিতের চরিত্র কিংবা ‘দেশের মাটি’, ‘লালকুঠি’, ‘হরগৌরী পাইস হোটেল’, ‘গীতা এলএলবি’ সবেতেই নজর কেড়েছেন অভিনেতা। সাম্প্রতিক ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকেও তাঁর উপস্থিতি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল।

অভিনয়ের বাইরে নিজের পডকাস্ট ‘সহজ কথা’ শুরু করেছিলেন, যা দ্রুত জনপ্রিয়তা পায়। তবে হঠাৎই সবকিছু থামিয়ে ৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। রেখে গেলেন মা, স্ত্রী প্রিয়াঙ্কা ও ছোট ছেলে আর অসংখ্য স্মৃতি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed