‘এখনও মানতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না’, আবেগঘন বার্তা সন্দীপ্তার
বাংলা বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। হঠাৎ করেই প্রয়াত হয়েছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, আর এই খবরে স্তব্ধ তাঁর সহকর্মী থেকে অনুরাগীরা। সহঅভিনেতা-বন্ধুর চলে যাওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
সোশ্যাল মিডিয়ায় আবেগঘন এক পোস্টে সন্দীপ্তা লিখেছেন, “না…এখনও মানতে পারছি না, বিশ্বাসই হচ্ছে না।” এখনও তিনি বিশ্বাসই করতে পারছেন না এই বাস্তবতা। রাহুলের সঙ্গে কাটানো কাজের স্মৃতি, আড্ডা, সব কিছুই যেন মনে পড়ছে তাঁর। অভিনেত্রী বলেন, রাহুল শুধু একজন দক্ষ অভিনেতা নন, একজন দারুণ লেখক এবং অসাধারণ মানুষও ছিলেন, যার উপস্থিতি সেটে আলাদা প্রাণ এনে দিত।
ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আসবে বলে’-তে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের জুটি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। সেই কাজের সূত্রেই তৈরি হয়েছিল গভীর বন্ধুত্ব। এমনকি ইন্ডাস্ট্রির অন্দরে বহুদিন ধরেই তাঁদের ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যেত। বিভিন্ন সময় একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবিও ধরা পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যদিও প্রকাশ্যে কখনওই সেই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ, বরং বরাবরই একে অপরকে ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন।
সন্দীপ্তার কথায়, কাজের ফাঁকে ফাঁকে রাহুলের মজার কথা আর প্রাণখোলা হাসি পুরো পরিবেশটাই বদলে দিত। তবে সময়ের সঙ্গে কাজের ব্যস্ততায় যোগাযোগ কমে গেলেও, কোথাও না কোথাও আবার দেখা হবে, এই বিশ্বাসটা ছিলই। কিন্তু আজ সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে। তাঁকে স্মরণ করে শেষবারের মতো সন্দীপ্তার বার্তা- “ভালো থেকো… যেখানেই থাকো।”
