রাহুলের মৃত্যুর জেরে বড় পদক্ষেপ,মহিলা কমিশনের চেয়ারপারসন পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের
তালসারিতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মর্মান্তিক দুর্ঘটনার ৭২ ঘন্টা পেরিয়ে গেলেও প্রযোজনা সংস্থার নীরবতা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে সমালোচনা। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও আইনি পদক্ষেপ-সহ ক্ষতিপূরণের দাবি তুলেছে। এই আবহেই নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বড় সিদ্ধান্ত নিলেন চিত্রনাট্যকার ও ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেন।
ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় এবং প্রযোজনা সংস্থার গোটা টিম। যদিও তিনি জানিয়েছেন দুৰ্ঘটনার সময় তিনি সেই স্থানে উপস্থিত ছিলেন না। ইউনিটের সদস্যদের সঙ্গে কথা বললে তারা জানান ,শুটিং স্থানে হাঁটু জলের বেশি ছিল না। আচমকা একটি ঢেউ আসায় রাহুলের পা পিছলে যায় এবং সেখান থেকেই দুর্ঘটনাটি ঘটে। শুটিংয়ের জন্য ইচ্ছাকৃতভাবেই কম গভীর জলের জায়গা হিসেবে তালসারি বেছে নেওয়া হয়েছে।যদিও অনুমতির বিষয়টি কো-অর্ডিনেটরের দায়িত্বে ছিল। কিন্তু সেই সংশ্লিষ্ট নথি এখনও হাতে আসেনি।
ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স বলেছেন ,”লীনার পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে বহু ধারণা তৈরি হতে পারে।সেই কারণে তদন্তে যাতে কোনও পক্ষপাতিত্বের ধারণা না থাকে সেই কারণে লীনা গঙ্গোপাধ্যায় তার পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।”
সবশেষে সংস্থা জানিয়েছে ,তদন্তে কোনও গাফিলতি বা অবহেলার সম্ভাবনা থাকলে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে শুটিং ফুটেজ ও অন্যান্য নথি পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়া হবে। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তই এখন সংস্থার প্রধান লক্ষ্য।
