রাহুলের মৃত্যুতে প্রযোজনা সংস্থার ওপর চাপ বাড়াল আর্টিস্টস ফোরাম, একাধিক প্রশ্ন তুলে তদন্তের দাবি
অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু ঘিরে টলিপাড়ায় চাঞ্চল্য ক্রমেই বাড়ছে। ওড়িশার তালসারিতে ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-র শুটিং চলাকালীন ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর এবার সরব হল ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম। ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রযোজনা সংস্থার কাছে স্বচ্ছ জবাবের দাবি জানাল আর্টিস্টস ফোরাম।
ফোরামের তরফে জানানো হয়েছে, রবিবার বিকেলে শুটিংয়ের সময় দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রের জলে তলিয়ে যান রাহুল। এই আকস্মিক মৃত্যুতে তাঁর গোটা পরিবার , মা, স্ত্রী ও সন্তান সহ সহকর্মী এবং অনুরাগীরা গভীর শোকে স্তব্ধ। তারা জানিয়েছেন, “আমরা সবসময় রাহুলের পরিবারের পাশে থাকব।”

তবে মৃত্যুর পর গত কয়েক দিনে যে সমস্ত তথ্য সামনে এসেছে তা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে আর্টিস্টস ফোরাম। অভিযোগ, গত কয়েকদিনে ঘটনাটি নিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তির পরস্পর বিরোধী বক্তব্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। ফলে মূল প্রশ্নগুলো চাপা পড়ে যাচ্ছে।
ফোরাম সরাসরি একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স-এর দিকে । যেখানে তারা বলেছেন,”কীভাবে এই দুর্ঘটনা ঘটল? শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার ছিল? সমুদ্রের মতো ঝুঁকিপূর্ণ জায়গায় শুটিংয়ের আগে পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়েছিল কি না? কোনও বিপদ ঘটলে দ্রুত উদ্ধার ও চিকিৎসার জন্য কী ব্যবস্থা রাখা হয়েছিল?” এই প্রশ্নগুলির উত্তর শুধু রাহুলের পরিবারই নয়, তাঁর সহকর্মী, বন্ধু এবং দর্শকরাও জানতে চান বলে জানিয়েছে ফোরাম।
এই প্রেক্ষিতে, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরামের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রযোজনা সংস্থাকে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে ঘটনার পূর্ণ বিবরণ ও দায় নির্ধারণের বিষয়ে স্পষ্ট জবাব চাওয়া হয়েছে। সঙ্গে কড়া বার্তাও দেওয়া হয়েছে যদি যথাযথ উত্তর না মেলে, তাহলে আর্টিস্টস ফোরাম পরবর্তী আইনি পদক্ষেপ করতে বাধ্য হবে।
রাহুলের মৃত্যুর ঘটনায় শিল্পী মহলে বেড়ে চলেছে ক্ষোভ। একদিকে প্রযোজনা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন, অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি, এই পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি এবং প্রযোজনা সংস্থার জবাবের দিকেই তাকিয়ে রয়েছে গোটা ইন্ডাস্ট্রি।
